ধারাবাহিক ‘যৈবতী কন্যার মন’
সেলিম আল দীনের মঞ্চনাটক ‘যৈবতী কন্যার মন’ অবলম্বনে নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক। ইলোরা লিলিথের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করবেন পারভেজ আমিন ও হুমায়ুন কবির হিমু। আর এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন তিশা।
এ বিষয়ে তিশা গ্লিটজকে বলেন, ‘মঞ্চে নাটকটি ঢাকা থিয়েটারের খুবই জনপ্রিয় একটি প্রযোজনা। এখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা ও শমী কায়সারের মতো নামী অভিনেত্রীরা। তাঁদের অভিনীত চরিত্রে আমি কাজ করছি টিভি পর্দায়, আলাদা একটা চাপ তো রয়েছেই। নাটকটির চরিত্রগুলো মধ্যযুগীয়। এতে নিজেকে রূপদান করতে বেশ ভালোই লাগছে। আশা করছি, দর্শকরা নাটকটি পছন্দ করবেন।’
ধারাবাহিকটিতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, দীপা খন্দকার, আহসান হাবিব নাসিম, খায়রুল ইসলাম পাখি, রোকেয়া রফিক বেবী প্রমুখ। মিডিয়া প্লাসের ব্যানারে নির্মিত নাটকটি প্রচার হবে এসএ টিভিতে।
এদিকে গতবছর প্রয়াত নাট্যাচার্য সেলিম আলদীনের বিখ্যাত মঞ্চনাটক ‘যৈবতী কন্যার মন’ নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দেন নির্মাতা নারগিস আক্তার। পরিচালক নারগিস আক্তার ‘যৈবতী কন্যার মন’ নিয়ে চলচ্চিত্র নির্মাণের প্রয়োজনীয় অনুমতিও পেয়েছেন।
ঢাকা থিয়েটার-এর প্রযোজনায় দর্শকনন্দিত এ নাটকটির বেশ কয়েকটি প্রদর্শনী তিনি ইউনিট নিয়ে উপভোগ করেছেন বলে জানান নারগিস। তিনি বলেন, ‘যৈবতী কন্যার মন’ এমন একটি গল্প যা নিয়ে চলচ্চিত্র নির্মাণ একটি কষ্টসাধ্য ব্যাপার। সেলিম আলদীনের মতো অমর নাট্যজনের অমর সৃষ্টিকে চলচ্চিত্রে রূপ দেওয়া নিঃসন্দেহে কঠিন কাজ।’
