নারীর অসম্মান বন্ধ করুন: অমিতাভ
সম্প্রতি ভারতব্যাপী নারী নির্যাতন বৃদ্ধির বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করেছেন বলিউডি সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চন। তিনি মনে করেন, নারীর স্বাধীনতা বজায় রাখতে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা জরুরী। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
নিজের ব্লগে ৭০ বছর বয়সি অমিতাভ পোস্ট করেন, ‘নারীদের প্রতি অসম্মানজনক কার্যকলাপ বন্ধ করতে হবে। আমাদের সমাজে প্রযোজনীয় মর্যাদা দিয়েই নারীর অস্তিত্ব সম্পর্কে ভাবতে হবে।’
অমিতাভ আরও বলেন, ‘যে নারীরা পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। আর যারা এমন অপরাধে লিপ্ত তাদের বিরুদ্ধেও আমাদের কঠোর প্রতিরোধ তৈরি করতে হবে।’
৮ মার্চ বিশ্ব নারী দিবস উপলক্ষে বিগ বি বিভিন্ন কার্যক্রমকেও সাধুবাদ জানিয়েছেন। তিনি পোস্ট করেন, ‘বিশ্ব নারী দিবসে, পৃথিবীকে নারীর জন্য একটি নিরাপদ আবাসস্থল হিসাবে গড়ে তুলতে আমি আমার দায়িত্ব পালন করব। আপনারা কি করতে চান?’
তিনি আরও লেখেন, ‘১০ লাখ পুরুষ যদি ১০ লাখ প্রতিজ্ঞা করে তাহলে খুব সহজেই নারীদের প্রতি অবিচার রোধ করা সম্ভব। এটি এমন একটি বিষয় যেখানে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’
