লস অ্যাঞ্জেলসে সম্মানিত অনুপম
চলচ্চিত্র জগতে অবদানের জন্য সম্প্রতি লস অ্যাঞ্জেলসের সিটি কাউন্সিল সম্মান প্রদর্শন করেছে বলিউডের সিনিয়র অভিনেতা অনুপম খেরকে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
২৬ ফেব্রুয়ারি অনুপম খেরকে ওই সম্মান জানান হলিউডি অভিনেতা হার্ব জে. ওয়েসন, লস অ্যাঞ্জেলসের সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট এবং কাউন্সিলের সদস্য টম লেবং। বলিউডের পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনেও বেশ সক্রিয় অনুপম খের। ‘বেন্ড ইট লাইক বেকহাম’, ‘দি মিস্ট্রেস অফ স্পাইসেস’ এবং সম্প্রতি ‘সিলভার লাইনিংস প্লেবুক’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।
এক বিবৃতিতে অনুপম বলেন, ‘লস অ্যাঞ্জেলসের ঘোষনাটি এটিই প্রমাণ করে যে এশিয়ান অভিনেতাদেরও আন্তর্জাতিক খ্যাতি রয়েছে। আমি একজন ভারতীয় অভিনেতা। তবে হলিউডের আলোচিত অভিনেতা ডিক ভ্যান ডাইককে যেভাবে সম্মান দেখানো হয়েছিলো আমাকেও একইভাবে সম্মান জানানো হয়েছে।’
