প্রভুর ইশারায় নাচবেন জ্যাকুলিন
বলিউডি কোরিওগ্রাফার ও পরিচালক প্রভু দেবার পরবর্তী সিনেমায় একটি আইটেম গানে কাজ করবেন শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউডি অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
এরই মধ্যে বলিউডের বেশ কয়েকজন অভিনয় শিল্পী কাজ করেছেন প্রভু দেবা পরিচালিত আইটেম সংয়ে। ‘ও মাই গড’ সিনেমার ‘গো গো গোবিন্দ’ গানে তার সঙ্গে তাল মিলিয়েছিলেন অভিনেত্রী সোনাক্ষি সিনহা, ‘রাউডি রাঠোর’ সিনেমার ‘চিনতা তা চিতা চিতা’ গানে কাজ করেছেন অক্ষয় কুমার এবং কারিনা কাপুর। ‘ওয়ান্টেড’ সিনেমার ‘জালোয়া’ গানটিতে প্রভু দেবার সঙ্গে নেচেছিলেন সালমান খান এবং গোবিন্দ। আর সবচাইতে আলোচিত ‘পুকার’ সিনেমার মাধুরী দীক্ষিতের আইটেম নাম্বার ছিলো ‘কিউ জারা জারা’।
আর এবার প্রভু পরিচালিত ‘রামাইয়া ভাস্তে ভাইয়া’ সিনেমার ‘জাদু কি ঝাপ্পি দে দে তু আভি’ গানে নাচবেন ‘মিস শ্রীলঙ্কা’ খ্যাত অভিনেত্রী জ্যাকুলিন।
এ বিষয়ে প্রযোজক কুমার তৌরানি সংবাদ মাধ্যমটিকে জানান, ‘আমাদের সিনেমার জাদু কি ঝাপ্পি দে দে তু আভি গানে একসঙ্গে কাজ করবেন প্রভু দেবা, জ্যাকুলিন এবং গিরিশ। এটি একটি ভ্রাম্যমাণ গান তবে ছাইয়া ছাইয়ার সঙ্গে এর কোনো মিল নেই। এটি সম্পূর্ণ ভিন্ন।’
গানটি পাঞ্জাবে শুটিংয়ের বিষয়ে তিনি আরও বলেন, ‘সিনেমাটিতে এ গানটির বিশেষ ভূমিকা রয়েছে। কেবলমাত্র প্রচারের স্বার্থেই গানটি যুক্ত করা হয় নি। একটি শহুরে ছেলে ভালোবাসার খোঁজে যখন গ্রামে যায় তখনই এ গানটি দেওয়া হয়েছে।’
এ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে যাত্রা শুরু করতে যাচ্ছেন তৌরানীর ছেলে গিরিশ তৌরানি। আরও অভিনয় করেছেন শ্রুতি হাসান। ৭ জুন সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ।
