প্রভু দেবার তালে নাচবেন সাই
পুরো বিশ্বকে ‘গ্যাংনাম স্টাইল’-এর তালে নাচিয়েছেন দক্ষিণ কোরিয়ান পপ তারকা সাই। তবে এবার রেমো ডি’সুজা পরিচালিত বলিউডি সিনেমা ‘এবিসিডি: এনি বডি ক্যান ডান্স’ সিনেমার দক্ষিণ কোরিয়ান রিমেকে বলিউডি কোরিওগ্রাফার প্রভুদেবার সঙ্গে তাল মেলাবেন সাই। খবর জি নিউজ ব্যুরোর।
জানা গেছে, দক্ষিণ কোরিয়ার একটি প্রযোজনা প্রতিষ্ঠান এরই মধ্যে ইউটিভি মোশন পিকচারসের ব্যানারে থ্রিডি সিনেমাটির রিমেকের সত্ত্ব কিনে নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউটিভি প্রধান সিদ্ধার্থ রায় কাপুর। আর ওই রিমেকে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন সাই। মূল সিনেমাটিতে অভিনয় করেছিলেন প্রভুদেবা।
এ বিষয়ে সিদ্ধার্থ বলেন, ‘আমরা এখনও এ বিষয়ে আলোচনার মধ্যে রয়েছি। তাই, ওই বিষয়ে চূড়ান্ত কোনো কথা বলার সময় হয় নি। অনেকের সঙ্গে এ বিষয়ে আলোচনার প্রয়োজন আছে। তাই এতো তাড়াতাড়ি এ ব্যপারে আমরা কথা বলতে চাইছি না।’
