মুক্তিযুদ্ধের সিনেমা ‘হৃদয় ছোঁয়া দিন’
রাজনৈতিক অস্থিরতার কারণে পেছালো মুক্তিযুদ্ধের কাহিনী নির্ভর চলচ্চিত্র হৃদয় ছোঁয়া দিনের শুটিং। চলচ্চিত্রটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করছেন সাংবাদিক ও নির্মাতা সাজ্জাদ হায়দার। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন বায়েজিদ, সোমা, মুন, মাহি, নাজমুল প্রমুখ।
সাজ্জাদ এ বিষয়ে গ্লিটজকে বলেন, ‘এর আগে ১২ ফেব্রুয়ারি সিনেমাটি সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। ওই দিন রাজধানীর বিভিন্ন স্থানে জামাত শিবিরের তা-বের কারণে অনুষ্ঠানটি করতে পারিনি। আমরা ২০ ফেব্রুয়ারি থেকে এর শুটিং শুরু করতে চেয়েছিলাম। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই সময়টা পিছিয়েছি।’
সাজ্জাদ হায়দার আরো বলেন, ‘মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রটির দৃশ্য ধারণের কাজ হবে মুন্সিগঞ্জের বিক্রমপুরের সিরাজদিখানে। এছাড়া কুয়াকাটা, খুলনায় একটি পুরনো যুদ্ধ জাহাজে ও এফডিসিতে বাকি দৃশ্যগুলোর ধারণ কাজ সম্পন্ন হবে।’
ডিজিটাল আঙ্গিকে হৃদয় ছোঁয়া দিন চলচ্চিত্রটির দৃশ্য ক্যামেরা বন্দি করা হবে। চলচ্চিত্রটির ব্যাপারে সাজ্জাদ হায়দার বলেন, ‘আমি খুব আশাবাদী। আমার উপন্যাস হৃদয় ছোঁয়া ঢেউ থেকে এই চলচ্চিত্রটি নির্মাণ করছি। আমার চেষ্টার কোন কমতি থাকবে না।’
চলচ্চিত্রটির নৃত্য পরিচালনা করবেন ওয়াসেক,পোশাক পরিকল্পনা করছেন সুমাইয়া রাশেদ বিদুর ও যুদ্ধের দৃশ্য পরিচালনা করবেন মেজর মাসুদ ইকবাল (অব.)। এর সংগীত পরিচালনা করছেন কণ্ঠশিল্পী আগুন।
জানা গেছে ‘হৃদয় ছোঁয়া দিন’ বাংলাদেশ ছাড়াও লন্ডনে মুক্তি দেওয়ার সম্ভাবনা আছে।
