‘জারদারির মামলা চালু করবে না সুইজারল্যান্ড’
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির দুর্নীতির মামলা পুনরায় চালু করবে না সুইস কর্তৃপক্ষ। কর্মকর্তারা রোববার একথা জানিয়েছেন। ফলে যে মামলাটি নিয়ে পাকিস্তানের আদালতের সঙ্গে সরকারের বিরোধ চরমে ওঠে সেটি পড়েই রইল।
পাকিস্তানের সুপ্রিম কোর্ট বরাবরই দেশের প্রধানমন্ত্রীকে জারদারির মামলা পুনরুজ্জীবিত করার জন্য সুইস কর্তৃপক্ষকে চিঠি দেয়ার আদেশ দিয়ে এসেছে।
কিন্তু প্রেসিডেন্ট হিসাবে জারদারির আইনি ছাড় আছে দাবি করে যে আদেশ বারবার নাকচ করে এসেছেন প্রধানমন্ত্রী।
এতে করে আদালত অবমামনার অভিযোগে বিচারের পর আদালতের রায়ে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন ইউসুফ রাজা গিলানি।
পরবর্তী প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকেও আদালত কয়েকবার সুইস কর্তৃপক্ষকে চিঠি লেখার আদেশ দেয়ার পর শেষ পর্যন্ত গত নভেম্বরে তিনি একটি চিঠি লেখেন।
পাকিস্তানের ক্ষমতাসীন পিপলস পার্টির আইনজীবী দলের সদস্য ফাওয়াদ চৌধুরি বলেছেন, তারা (সুইস কর্তৃপক্ষ) একটি চিঠি পাঠিয়েছে। তাতে লেখা আছে, জারদারির আইনি ছাড় আছে।
এ ব্যাপারে মন্তব্যের জন্য সুইস কর্তৃপক্ষের কাউকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
