শাহবাগের গান
রাজাকারের ফাঁসির দাবিতে শাহবাগ চত্বরের চেতনায় জনতার সঙ্গে একাত্মতা ঘোষণার পাশাপাশি, অন্যদের উদ্বুদ্ধ করার জন্য সৃষ্টি হচ্ছে গান, কবিতা, নাটক। এরমধ্যে রয়েছে গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর, কবির সুমন, প্রীতম আহমেদ, শতাব্দি ভবর গান। আন্দোলনের চেতনা ধরে রাখতে বেজে উঠছে গানগুলো কখনো খালি গলায় কখনো সাউন্ড বক্সের মাধ্যমে।
গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর শনিবার সন্ধ্যায় চত্বরে উপস্থিত হন এবং মঞ্চে দাঁড়িয়ে একাত্মতা জানিয়ে গেয়ে ওঠেন, “ভয় নেই আজো আছি মোরা শাহবাগে” । গান শুনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে থাকেন কিছুক্ষণ। একই দিন থেকে বাজতে শোনা গেছে, শতাব্দি ভবর ‘আমি দেখেছি দুই শূন্যে তেরো’ শিরোনামের গানটি।
এর আগের দিন শুক্রবার বিকেলে ছিলো মহাসমাবেশ, মহাসমাবেশ শুরু হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। এরপর সমাবেশের সূচনা সঙ্গীত হিসেবে বেজে ওঠে প্রীতমের গান ‘একাত্তরের হাতিয়ার’। এছাড়া ওইদিন সন্ধ্যা থেকেই জাদুঘরের মূল ফটকের সামনে বাজতে শুরু করে কবির সুমনের গান ‘গণদাবি’। সুমন বর্তমানে কলকাতায় রয়েছেন, সেখান থেকে তিনি গানটি শুক্রবার দুপুরে নিজের ওয়েবসাইটে প্রকাশ করেন। এরপর সন্ধ্যা থেকেই গানটি বেজে চলেছে অনবরত।
উল্লেখ্য, কাদের মোল্লার ফাঁসির দাবিতে ব্লগার অ্যান্ড অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কস এর উদ্যোগে শুরু হওয়া শাহবাগ অবরোধ ক্রমে পরিণত হয়েছে গণ অবরোধে। শাহবাগ চত্ত্বরে লাকির কণ্ঠে বিরামহীন স্লোগানে গলা মিলিয়ে প্রতিবাদ জানাচ্ছেন ছাত্র-জনতা। সেইসঙ্গে থেমে নেই সাংস্কৃতিক কর্মকান্ডও। অবরোধে এসে একাত্মতা জানিয়েছেন, জানাচ্ছেন দেশের বিনোদন মাধ্যমের সব ধারার শিল্পী ও কর্মীরা। অবস্থান নেওয়ার পাশাপাশি বক্তৃতা, গান, কবিতা আবৃত্তি, অভিনয়ের মাধ্যমে জানাচ্ছেন তাদের প্রতিবাদ।
