‘ইয়াশ রাজ শিবিরে’ আয়ুষ্মান
বলিউডে নিজের দ্বিতীয় সিনেমাতেই ইয়াশ রাজ ঘাঁটিতে প্রবেশ করছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা। ১৭ ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু হতে যাওয়া ওই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন সোনম কাপুর। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
‘ভিকি ডোনার’ এর মতোই আয়ুষ্মানের আসন্ন সিনেমাতেও থাকছে রোমান্স আর কমেডির মিশ্রণ। এ বিষয়ে আয়ুষ্মান বলেন, ‘এ বছর আমি আমার দ্বিতীয় সিনেমাটি করতে যাচ্ছি ইয়াশ রাজ ফিল্মসের সঙ্গে। সিনেমাটির শুটিং শুরু হবে ১৭ ফেব্রুয়ারি। সিনেমাটিতে আমার বিপরীতে থাকবেন অভিনেত্রী সোনাম কাপুর। পুরো সিনেমাটি চিত্রায়িত হবে দিল্লিতে।’
ধারণা করা হচ্ছে চলতি বছরের শেষ নাগাদ মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। আয়ুষ্মান বলেন, ‘সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন হাবিব ফয়সাল এবং পরিচালনা করবেন নুপুর আস্থানা। আমি নিশ্চিতভাবে জানি না, তবে সম্ভবত এ বছরের শেষ দিকে মুক্তি পাবে সিনেমাটি।’
