অঞ্জন’স-এর পোশাকে বর্ণমালা
১ ফেব্রুয়ারি শুক্রবার বনানীর ১১ নম্বর রোডে অঞ্জন’স-এর শো রুমে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজাইন বিশেষজ্ঞ চন্দ্রশেখর সাহা, অঞ্জন’স-এর প্রধান নির্বাহী পরিচালক শাহীন আহম্মেদ, অঞ্জনসের অন্যান্য কর্মকর্তাসহ ক্রেতা ও শুভানুধ্যায়ীরা। অনুষ্ঠানে শাহীন আহমেদ বলেন, “অঞ্জনসের এই আয়োজনের সঙ্গে মিশে আছে একুশের অন্তর্নিহিত শক্তি। আর এ শক্তির ওপর ভিত্তি করে সকলের কাছে পোশাকের মাধ্যমে বাংলা বর্ণমালা তুলে ধরা হয়েছে। একুশের প্রভাতফেরিসহ নানান একুশের অনুষ্ঠানে যারা একুশের চেতনার পোশাক পরতে চান তাদের জন্য অঞ্জন’স এর এ আয়োজন বিশেষ সুবিধা দিবে।” ডিজাইনার চন্দ্রশেখর সাহা পোশাকের ক্যানভাসে বর্ণমালা এবং ভাষা আন্দোলনের ৬১ বছর এর প্রেক্ষাপটে অঞ্জন’স এর এই উদ্যোগের তাৎপর্য তুলে ধরেন। এই প্রদর্শনীতে সাদা, কালো, লাল ও ছাই রং ব্যবহার করে তৈরি করা হয়েছে পোশাক। এরমধ্যে আছে শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ইত্যাদি।
প্রদর্শনীতে দেশীয় পোশাকের ক্যানভাসে ‘৫২-এর ভাষা আন্দোলন বিশেষভাবে প্রাধান্য পেয়েছে। বৈচিত্র্য এবং সুতি কাপড়ে মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়েছে প্রিন্ট ও এমব্রইডারির কাজ। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই প্রদর্শনীতে সকল ধরনের একুশের পোশাক পাওয়া যাবে ৩৫০ থেকে ২ হাজার টাকার মধ্যে।
