কমল হাসানের পাশে সালমান
দক্ষিণী সিনিয়র অভিনেতা কমল হাসান নির্মিত ৯৫ কোটি রুপি বাজেটের সিনেমা ‘বিশ্বরূপম’ এর প্রদর্শনের উপরে সম্প্রতি স্থগিতাদেশ জারি করেছে তামিলনাড়– রাজ্যের উচ্চ আদালত। সিনেমাটি নিয়ে আদালত এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারের এমন আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দক্ষিণ ভারতীয় সিনেমা জগতের ব্যক্তিবর্গসহ বলিউডের অনেক তারকাই। এদের মধ্যে অনেকে সহানুভূতি প্রকাশ করেছেন কমলের প্রতি; তালিকাটিতে সম্প্রতি যোগ হয়েছে অভিনেতা সালমান খানের নামও। খবর জি নিউজ ব্যুরোর।
সম্প্রতি টুইটারে কমলের পক্ষে দাঁড়ানোর কথা জানিয়ে সালমান পোস্ট করেন, ‘শিল্পকে শ্রদ্ধা করুন, শিল্পীকে শ্রদ্ধা করুন, শ্রদ্ধা করুন দর্শকদেরকেও। আমি কমল হাসানের পক্ষেই আছি।’
সালমান পরবর্তীতে আরো কয়েকটি পোস্ট করেন এবিষয়ে। এগুলো হলো, ‘সেন্সর বোর্ডও তো সিনেমাটিকে ছেড়ে দিয়েছে, তাই নয় কি?’। ‘আমি অবশ্যই সিনেমাটি দেখতে যাবো।’
‘বিশ্বরূপম’ এর কিছু অংশ নিয়ে মুসলমান জনগোষ্ঠি আপত্তি তুলতে পারে, এমন কারণ দেখিয়ে এর আগে সিনেমাটিকে নিষিদ্ধ ঘোষণার আবেদন জানানো হয়েছিলো তামিলনাড়– রাজ্য সরকার থেকে। পরবর্তীতে ওই আবেদনের প্রেক্ষিতে সিনেমাটি মুক্তির ব্যাপারে স্থগিতাদেশ জারি করে মাদ্রাজ হাই কোর্ট। ঘটনার প্রতিক্রিয়ায়, কমল জানিয়েছেন, ব্যাথিত হলেও আদালতের নির্দেশ মান্য করবেন তিনি।
