২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্রে ল্যান্স আর্মস্ট্রং

আমেরিকার বিতর্কিত সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রং এবার আসছেন চলচ্চিত্রের পর্দায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিনোদন ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2013, 04:49 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

প্যারামাউন্ট পিকচারস এবং পরিচালক জে.জে.আব্রামস সম্মিলিতভাবে এবার ‘ট্যুর দে ফ্রান্স’ খ্যাত এই সাইক্লিস্টকে নিয়ে জীবনীমূলক একটি সিনেমা তৈরি করতে যাচ্ছেন। খবর ইয়াহু নিউজের।

সম্প্রতি অপরাহ উইনফ্রের অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের একটি গোপন সত্য স্বীকার করে নেবার পর বিশ্বখ্যাত সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রং  ব্যাপক সমালোচনার মুখে পড়েন। আর তারই সূত্র ধরে এবার হলিউডে তৈরি হতে যাচ্ছে আর্মস্ট্রংকে নিয়ে জীবনীমূলক একটি সিনেমা।

 ১৮ জানুয়ারি প্যারামাউন্ট স্টুডিওর মুখপাত্র জানিয়েছেন, ‘স্টার ট্রেক’ খ্যাত পরিচালক জে.জে.আব্রামসের কোম্পানি ‘ব্যাড রোবট’ এবং প্যারামাউন্ট পিকচারস এবার ল্যান্স আর্মস্ট্রং-এর উপর একটি ‘বায়োপিক’ তৈরি করতে যাচ্ছে। তারা ইতোমধ্যেই নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক জুলিয়েট ম্যাকারের লেখা ‘সাইকেল অফ লাইস: দ্যা ফল অফ ল্যান্স আর্মস্ট্রং’ বইটির স্বত্ব কিনে নিয়েছে।

তবে এখনও সিনেমাটির চিত্রনাট্য, কলাকুশলী কিংবা শুটিংয়ের দিনক্ষণ ঠিকঠাক করা হয়নি।

এর আগে ১৭ জানুয়ারি অপরাহ উইনফ্রের নিজস্ব চ্যানেল ‘অউন’ এ প্রচারিত একটি বিশেষ সাক্ষাৎকারে সাতবার ‘ট্যুর দে ফ্রান্স’ বিজয়ী সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রং স্বীকার করেন জয়লাভের জন্য বেশ কয়েকবার তিনি ‘পারফরম্যান্স এনহান্সিং ড্রাগ’ গ্রহণ করেছিলেন, তবে এত বছরে কখনই বিষয়টি তিনি কাউকে জানাননি। এরপরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আর্মস্ট্রং-এর কাছ থেকে তার এ পর্যন্ত জয় করা দু’হাজার মেডেল ফেরত নেয়।