বিয়ে করছেন মিলা-অ্যাশটন
সবকিছু ঠিকঠাক থাকলে আর ডেমি মুরের সঙ্গে বিয়ে বিচ্ছেদের কাগজপত্র চূড়ান্ত হয়ে গেলেই প্রেমিকা মিলা কিউনিসকে নিজের স্ত্রী রূপে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত অ্যাশটন কুচার। শোনা যাচ্ছে, হলিউডি ওই জুটির বিয়ের বাদ্যি বেজে উঠবে চলতি বছরের এপ্রিলে; আর সেজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
সূত্র জানিয়েছে, এবারের বড়দিনটি আইওয়ায় অ্যাশটনের পরিবারের সঙ্গে কাটানোর পর এখন ৩৪ বছর বয়সি ওই অভিনেতাকে বিয়ে করতে প্রস্তুত মিলা। সেখানেই নাকি এপ্রিলে নিজেদের বিয়ের ঘোষণাটি দিয়ে এসেছেন ওই জুটি।
২৯ বছর বয়সি মিলার অনামিকায় বেশ ক’দিন ধরেই শোভা পাচ্ছে দামি একটি হীরের আংটি। এছাড়াও, লস এ্যাঞ্জেলসে আসছে বসন্তে বিয়ে করার ব্যাপারেও খোঁজ খবর নিতে দেখা যাচ্ছে তাকে। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, লস এ্যাঞ্জেলসেই ছোটখাট একটি অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বাধবেন এই জুটি।
