২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিকের স্মারক সম্ভার

যে কোনো অলিম্পিকেই স্মারক পণ্যের বিরাট বাজার তৈরি হয়। লন্ডন ২০১২ এর ব্যতিক্রম নয়। লন্ডনের স্যুভেনিরের দোকানগুলো ঘুরে লিখেছেন অনিন্দ্য রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2012, 12:30 PM

Updated : 24 Aug 2022, 11:50 AM

অনিন্দ্য রহমান লল্ডন থেকে যে কোনো অলিম্পিকেই স্মারক পণ্যের বিরাট বাজার তৈরি হয়। লন্ডন ২০১২ এর ব্যতিক্রম নয়। দুই পাউন্ডে অলিম্পিক অলিম্পিক পার্কের পাশেই অস্ট্রেলীয় কম্পানি ওয়েস্টফিল্ডের তৈরি শপিং কমপ্লেক্স - ওয়েস্টফিল্ড স্ট্র্যাটফোর্ড সিটি। ব্রিটেনের তৃতীয় বৃহত্তম বিপণিবিতান এটি। এই কমপ্লেক্স আর অলিম্পিক পার্কের প্রায় পুরোটা যে এলাকায় পড়েছে, সেই নিউহ্যাম ইংল্যান্ডের দ্বিতীয় দুস্থতম পৌর এলাকা। লন্ডনের ‘গরীব’ প্রান্তে ওয়েস্টফিল্ডের এই বিনিয়োগ অবাক করেছিল অনেককে। কিন্তু স্থানীয়রা এর মূল লক্ষ্য নয়। পর্যটকদের অলিম্পিক পার্কে যাবার রাস্তা একটাই, সেটা এই মার্কেটের ভেতর দিয়ে। ওয়েস্টফিল্ডের বনেদি চেইনশপগুলোর একটি জন লুইস। তিনতলা দোকানের প্রথম দুই তলায় আপাতত ভিড় নেই। তৃতীয় তলায় যেতে আধা ঘণ্টার বেশি লাইনে দাঁড়াতে হবে। ওখান থেকে গোটা অলিম্পিক পার্ক এক নজর দেখা যাচ্ছে। তবে দোকানের বিশেষ ঐ জায়গাটিতে যেতে মাথাপিছু দুই পাউন্ড করে দিতে হচ্ছে অতিথিদের। টিকেট মিলছে এস্কেলেটরের গোড়ায়। বিত্তশালীদের পছন্দ ‘জন লুইস’ রানীর জন্য ঘরোয়া খুঁটিনাটি জিনিসের সরবরাহক হিসেবে মনোনীত। ‘অফিসিয়াল’ স্যুভেনির জন লুইসের ভেতরেই আরেক আকর্ষণ ‘অফিসিয়াল ২০১২ শপ’। লন্ডনজুড়ে এ রকম সাতটি দোকান খোলা হয়েছে। ‘আসল’ স্যুভেনির কেবল সেগুলোতেই পাওয়া যাবে। দাম সাধারণ দোকানের চেয়ে বেশি। ওয়েনলক ও ম্যান্ডেভাইলে মাসকটদ্বয়ের ছোটো পুতুলের দামও ১২ পাউন্ড। আয়োজকরা আশা করছেন, কেবল মাসকট-পণ্য বেঁচেই তারা এবারে ৭০ মিলিয়ন পাউন্ড আয় করবেন। পুতুল ছাড়াও প্রায় দুইশ’ রকম জিনিস পাওয়া যায় অফিসিয়াল ২০১২ দোকানে। ডেইলি মেইল জানাচ্ছে এর দশটিও ব্রিটেনে তৈরি নয়। অফিসিয়াল স্মারকগুলোর বেশিরভাগই এশিয়ায় তৈরি, ৬৫ শতাংশ চীনে। ২৩ জুলাই হংকংভিত্তিক বেসরকারি কর্পোরেট নজরদারি প্রতিষ্ঠান - স্টুডেন্টস অ্যান্ড স্কলারস অ্যাগেইনস্ট কর্পোরেট মিসবিহ্যাবিয়র দাবি করে অলিম্পিকের সরবরাহকারি চীনা কোম্পানিগুলোতে শ্রমিকদের অবস্থা মানবেতর। আয়োজক প্রতিষ্ঠান বলেছে ‘খতিয়ে দেখছি’। ‘আনঅফিসিয়াল’ স্যুভেনির সাতটি অফিসিয়াল দোকানের বাইরেও লন্ডনজুড়ে শতশত দোকানে স্যুভেনির বিক্রি হচ্ছে। এ বছর রানীর সিলভার জুবিলি হওয়ার কারণে স্যুভেনির বাণিজ্যের যে হুজুগ ওঠে, সেটা অলিম্পিক পর্যন্ত ভালই টেনে আনা গেছে। এসব দোকানেও সমান ভিড়। প্রায় একই জিনিস কখনও অর্ধেক দামেও মিলছে। ‘আসল’গুলোর মতোই এগুলো ‘মেইড ইন চায়না’। এক-দুই পাউন্ডে ইরেজার, শার্পনার, টাই পিন জাতীয় ছোটখাট জিনিস খুঁজলে পাওয়া যাবে। তবে অফিসিয়াল তালিকার বাইরের দোকানগুলো অলিম্পিকের প্রতীক ব্যবহার নিয়ে কিছুটা আইনি হুমকিতে আছে। ব্রিটিশ পার্লামেন্টে পাশ হওয়া লন্ডন অলিম্পিকস অ্যাক্টম২০০৬ দেখিয়ে, লন্ডন অলিম্পিকের রিং, লোগো আর মাসকট ব্যবহারে বাধা দেওয়া হচ্ছে ‘কমদামি’ দোকানিদের। অলিম্পিকে স্থানীয় জনগণ আর ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ দেখেনি সরকার এমন অভিযোগ নতুন নয়। স্থানীয়দের মধ্যে তাই কেউ কেউ তাদের জন্য অলাভজনক ‘অলিম্পিক বাণিজ্য’ নিয়ে বিরক্তি প্রকাশ করছেন। গ্রাফিক ডিজাইনার টবি লেই আবার এই বিরক্তিটাকেই ব্যবসা বানিয়ে ফেলেছেন। 'দ্যাটবিগইভেন্টইনলন্ডন.সিও.ইউকে' ওয়েবসাইটে তিনি বিক্রি করছেন ‘বিদ্রুপাত্মক’ স্যুভেনির। ‘এরা সব স্টেরয়েডখোর (অ্যাথলেটরা!)’, ‘আমার ফ্ল্যাট এক মোটা মার্কিন পরিবারকে ভাড়া দিয়েছি’, ‘সকালে তিন ঘণ্টা লাগল অফিস যেতে’, ইত্যাদি কথাবার্তা লেখা টিশার্ট পাওয়া যাচ্ছে। দাম ১৫ পাউন্ড।