মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- নব্বই দশকের আলোচিত গায়ক হাসান আবিদুর রেজা জুয়েল পাঁচ বছর পর আবারও একক অ্যালবাম নিয়ে আসছেন। তবে নতুন গান নিয়ে নয়। নিজের গাওয়া ও আইয়ূব বাচ্চু সুর ও সঙ্গীতে করা তার প্রথম চারটি অ্যালবাম থেকে ১৫টি নির্বাচিত গান নিয়ে নির্মিত হচ্ছে নতুন অ্যালবামটি।
'৯১ সালে প্রকাশিত 'কুয়াশা প্রহর', '৯২ সালে প্রকাশিত 'এক বিকেলে', '৯৩ সালে প্রকাশিত 'আমার আছে অন্ধকার' ও '৯৪ সালে প্রকাশিত 'একটা মানুষ' জুয়েলের অ্যালবামগুলো থেকে নির্বাচিত ১৫টি গানে নতুন করে সঙ্গীত সংযোজন করছেন আইয়ূব বাচ্চু।
এ প্রসঙ্গে জুয়েল বলেন, "আমার প্রথম দিকের অ্যালবামগুলোতে বেশ কিছু ভালো গান ছিল যা প্রচারের অভাবে শ্রোতাদের কাছে ঠিক মত পৌঁছায়নি। সেই গানগুলোতে নতুন করে সঙ্গীত সংযোজন করে একটি অ্যালবামে বন্দি করার উদ্যোগ নিয়েছি। তবে গানের কথা ও সুর একই থাকছে।"
জুয়েলের সর্বশেষ অ্যালবামটি প্রকাশিত হয় ২০০৩ সালে। বাপ্পা মজুমদারের সুর ও সঙ্গীতে অ্যালবামটির নাম ছিল 'ফিরতি পথে'।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএ/ওএস/২০১২ঘ.
bdnews24