মার্চ ২০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বলিউড দর্শকদের মুগ্ধ করার পর সঞ্জয় লীলা এবার ফরাসী দর্শকদের মাতালেন। তার নিদের্শনায় প্যারিসে পদ্মাবতী গীতিনাট্যের প্রথম প্রদর্শনীর দিন দর্শকসারি জুড়ে ছিল বিখ্যাত ফরাসিরা। রাজনীতিবিদ, শিল্পী, সাহিত্যিক কেউই এ ্তালিকা থেকে বাদ যাননি। কিংবদন্তীতুল্য ফরাসি ডিজাইনার জঁ-পল গতিয়েরও হাজির ছিলেন সেখানে। প্রদর্শনী শুরু হবার মুহূর্তে বান্ধবী সহ হাজির হয়েছিলেন তিনি। খবর জিনিউজডটকমের।
থিয়েটারে বিখ্যাত ডিজাইনার হাজির হওয়ার পর সঞ্জয়ের বোন বেলা তাকে দেখে চিনতে পারেন। বোনের কাছে পরিচয় পেয়ে বনশালি তার অনুষ্ঠান পরবর্তী পার্টিতে জঁ-পলকে দাওয়াত দিতে ভোলেননি। সঞ্জয়ের পার্টিতে তার সাওয়ারিয়া জুটি রনবীর-সোনম কাপুরদেরও নিমন্ত্রণ করেছিলেন। ব্যস্ততার জন্য তারা যোগ দিতে পারেননি। তবে আমন্ত্রিত ফরাসি অতিথিরা আসতে ভোলেননি।
জাঁদরেল দর্শকদের কল্যাণে তার গীতিনাটকের প্রচার বেড়ে গেছে কয়েকগুণ। কয়েকটি প্রদর্শনীর টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। ভারতীয় হয়েও তিনি যেভাবে ফরাসীদের দখল করে ফেললেন তাতে আবারো প্রমাণিত হলো সঞ্জয় লীলা বনশালি সৃষ্টিশীল তো বটেই, তিনি ব্যবসাও করতে জানেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/এমআইআর/১৮৩৫ ঘ
bdnews24