লস এঞ্জেলস (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- ভক্তদের অনেক প্রতীক্ষার পর গত বছর প্রকাশিত হয়েছিল জে কে রাউলিংয়ের হ্যারি পটার সিরিজের সপ্তম ও শেষ বইটি। এবার এই বইটি অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে হলিউডের ওয়ার্নার ব্রার্দাস। চলচ্চিত্রটি দুই পর্বের হবে বলে বৃহষ্পতিবার জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ।
হ্যারি পটার সিরিজের শেষ বইটির শিরোনাম ছিলো 'হ্যারি পটার অ্যান্ড ডেথলি হ্যালোজ'। এই জনপ্রিয় বই অবলম্বনে দুই পর্বের চলচ্চিত্রের প্রথম পর্ব আগামী ২০১০ সালের শেষ দিকে এবং দ্বিতীয় পর্ব ২০১১ সালে মুক্তি পাবে বলে ওয়ার্নার ব্রাদার্স নিশ্চিত করেছে।
ওয়ার্নার ব্রাদার্সের প্রেসিডেন্ট জেফ রবিনভ এক বিবৃতিতে জানান, "এই বইটির অসংখ্য পাঠকের সঙ্গে সুবিচার করতে চাইলে এটাকে দুই পর্বের ছবি হিসেবে প্রকাশ করতে হবে। আমরা তাই করব।"
পটার সিরিজের প্রথম ৫টা ছবি তুমুল জনপ্রিয় হয় এবং বিশ্বব্যাপী ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার আয় করে। ষষ্ট চলচ্চিত্রটির কাজ এখন চলছে।
ব্রিটিশ লেখক জে কে রাউলিং এর বেস্ট সেলার উপন্যাসটিতে এক জাদুকরী ক্ষমতাসম্পন্ন বালক হ্যারি পটার ও তার বন্ধুদের কাহিনী তুলে ধলা হয়েছে যারা কৈশোর থেকে জাদুবিদ্যা শেখার জন্য হোগার্ট স্কুলে অধ্যয়ন করে।
পটার সিরিজের সপ্তম ও শেষ বই 'ডেথ হ্যালোজ' গত বছর জুলাই মাসে প্রকাশিত হয়। প্রকাশের প্রথম ১০ দিনেই যুক্তরাষ্ট্রে বইটির ১ কোটি ১৫ লাখ কপি বিক্রি হয়।
বই বিক্রি ছাড়াও ছবি, ডিভিডি, টিশার্ট ইত্যাদি নানা উপায়ে হ্যারি পটার ২০ বিলিয়ন ডলারের ব্যবসা করেছে বলে ধারণা করা হয়।
৭৫০ পৃষ্ঠার শেষ পর্বের বইয়ে অনেক মোচড় রয়েছে, রয়েছে অনেক অ্যাডভেঞ্চার। এই পর্বে হ্যারি তার বাবা-মার হত্যাকারী লর্ড ভল্ডেমর্টের মুখোমুখি হয়।
অনেক দিন ধরেই হ্যারি পটার সিরিজের চলচ্চিত্রগুলোর প্রযোজক ডেভিড হেইম্যান। এবারও তিনিই এই দুই পর্ব নির্মাণ করবেন বলে জানা গেছে।
হ্যারি পটারের নাম ভুমিকায় অভিনয় করবেন ১৮ বছর বয়সী অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ। এছাড়া অন্যান্য চরিত্রে এমা ওয়াটসন (হারমিয়ন), রূপার্ট গ্রিন্ট (রন) অভিনয় করবেন।
ছবিটির পরিচালক হিসেবে থাকবেন ডেভিড ইয়েটস। তিনি এর আগে হ্যারি পটার সিরিজের দুটি চলচ্চিত্র বানিয়েছেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/২২৩৬ঘ.
bdnews24