২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুবীর নন্দীর সুরে শাকিলা জাফরের অ্যালবাম

আধুনিক গানের নন্দিত কণ্ঠ শিল্পী শাকিলা জাফরের সপ্তম একক অ্যালবামের সুর ও সঙ্গীত পরিচালনা করছেন সঙ্গীত বোদ্ধা সুবীর নন্দী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2008, 04:57 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- আধুনিক গানের নন্দিত কণ্ঠ শিল্পী শাকিলা জাফরের সপ্তম একক অ্যালবামের সুর ও সঙ্গীত পরিচালনা করছেন সঙ্গীত বোদ্ধা সুবীর নন্দী। এই অ্যালবামের মাধ্যমে সুবীর নন্দী প্রথমবারের মত একক সুরকার হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। এর আগে শাকিলা জাফরসহ অন্যান্য শিল্পীদের অ্যালবামের একটি বা দুটি গানের সুর-সঙ্গীত পরিচালনা করেছেন। নাম ঠিক-না-হওয়া শাকিলা জাফরের সপ্তম অ্যালবামের সবগুলো গান লিখেছেন সাইফুল হোসেন মুকুল। ১০টি গান নিয়ে সাজানো এই অ্যালবাম প্রসঙ্গে সুবীন নন্দী বলেন, "সঙ্গীত জীবনে চার দশকে আমি প্রখ্যাত সকল সুরকারের সুরে গান গেয়েছি। তাদের কাছ থেকে অর্জিত অভিজ্ঞতা ও নিজের দীর্ঘ দিনের ইচ্ছাকে সঙ্গী করে একটা দুটো গান সুর করা শুরু করি। নিজের সুর করা গানের সংখ্যা এখন অনেক। একটি অ্যালবামের সবগুলো গানের সুর ও সঙ্গীত পরিচালনা করার ইচ্ছে ছিল অনেকদিন থেকেই। শাকিলার সঙ্গে ব্যাটে বলে মিলে যাওয়ায় তার সপ্তম অ্যালবামের কাজটি হাতে নেই। অ্যালবামটির কাজ প্রায় শেষ। আশা করি শ্রোতাদের গানগুলো ভালো লাগবে।" সপ্তম অ্যালবাম নিয়ে অনুভুতি প্রকাশ করতে গিয়ে শাকিলা জাফর বলেন, "আসলে অনেকদিন ধরেই সুবীর'দার সঙ্গে একটি দ্বৈত অ্যালবাম করার ইচ্ছে ছিল। এবার সেই প্রস্তাব দিলে তিনি রাজি না হয়ে উল্টো আমার অ্যালবামে সুর ও সঙ্গীত পরিচালনা করার প্রস্তাব দিলেন। সুবীর'দার সঙ্গে অ্যালবাম বের করতে না পারলেও তার সুর ও সঙ্গীতে যে আমার অ্যালবাম তৈরি হচ্ছে এতেই আমি নিজেকে ধন্য মনে করছি।" শাকিলা জাফরের ষষ্ঠ অ্যালবাম 'মিষ্টি করে দুষ্টু বল' প্রকাশিত হয়েছিল ২০০৫ সালের ডিসেম্বর মাসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএ/ওএস/এমআইআর/২২৩৫ঘ.