মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- নিজের গানের ভিডিও চিত্র নির্মাণ করতে ১২ মার্চ বাবা ফেরদৌস ওয়াহিদসহ শুটিং ইউনিট নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন তরুণ গায়ক হাবিব।
হৃদয়ের কথা খ্যাত এই গায়ক তার প্রথম অ্যালবাম শোন এর বেশ কয়েকটি গানের ভিডিও চিত্র নির্মাণ করবেন। গানগুলো হল - স্বপ্নের চেয়ে মধুর, যাদু, এলোমেলো মন ও মন মুনিয়া।
কক্সবাজারে একটি গানের শুটিং শেষে হাবিব যাবেন সেন্টমার্টিন'স দ্বীপে। সেখানেও একটি গানের শুটিং করবেন। তারপর রাঙ্গামাটি ও বান্দরবানের বিভিন্ন জায়গায় আরও দুটি গানের ভিডিও চিত্র নির্মাণ করবেন বলে জানান তিনি।
এছাড়া ঢাকায় ফিরে শোন অ্যালবামের আরও একটি গানের দৃশ্য চিত্রায়নের জন্য তিনি যাবেন সুন্দরবন।
আর ভিডিও চিত্র ধারণের জন্য হাবিবকে সর্বাত্মক সহযোগিতা করছেন তার বাবা ফেরদৌস ওয়াহিদ।
এই প্রসঙ্গে হাবিব বলেন, "গানের ভিডিও চিত্র কী রকম হবে, তা গান তৈরির সময়ই আমার কল্পনায় ভাসতে থাকে। অন্যকে বোঝানোর চাইতে নিজে যদি ভিডিও চিত্র তৈরি করি, তাহলে নিজের কল্পনাকে অনেকখানি বাস্তবে রূপ দিতে পারব। শোন অ্যালবামটি তৈরির পরই ইচ্ছে ছিল গানগুলোর ভিডিও চিত্র নিজেই তৈরি করব। পরে সময়ের অভাবে তা আর করা হয়ে ওঠেনি। এখন সময় পেয়েছি, তাই সাহস করে কাজটা শুরু করে দিয়েছি। অবশ্য আমার বাবা ফেরদৌস ওয়াহিদ এ ক্ষেত্রে আমাকে পূর্ণ সহযোগিতা করছেন।"
এমন একটা মা দে না খ্যাত গায়ক ফেরদৌস ওয়াহিদের গানের ভিডিও চিত্র ও নাটক নির্মাণে অভিজ্ঞতা থাকলেও হাবিব ওয়াহিদ প্রথমবারের মত ক্যামেরার পেছনে দাড়ালেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএ/ওএস/এমআইআর/২৩৩৬ঘ.
bdnews24