মার্চ ১৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- নিজেকে কৃষক পরিচয় দিয়ে এলাহাবাদের বারাবাঙ্কির কৃষি জমি কিনে বেজায় ফেঁসেছেন অমিতাভ বচ্চন। ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলেও পার পাচ্ছেন না বলিউডের দাপুটে অভিনেতা। মামলা মোকদ্দমায় জরিয়ে শেষতক জমির দাবি ছেড়ে দিলেও আদালত তাকে ছাড়ছে না। তার বিরুদ্ধে করা উত্তর প্রদেশ রাজ্য সরকারের মামলার প্রেক্ষিতে এলাহাবাদ হাইকোর্টের লক্ষৌ বেঞ্চ বচ্চনের দন্ডাদেশ স্থগিত করেছিল। সোমবার সুপ্রিম কোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ করেছে উত্তর প্রদেশ রাজ্য সরকার। খবর এনডিটিভির।
উত্তর প্রদেশের প্রধান কৌসুলী দেবেন্দ্র উপাধ্যায় বলেন, "সোমাবার সকালে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি স্পেশাল লিভ পিটিশন করা হয়েছে।"
হাই কোর্টের রায় নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত রয়েছে।
উপাধ্যায় বলেন, "এমনকি হাইকোর্ট মনে করে যে যদিও মুলায়লাম সিং যাদবের আমলে অমিতাভকে সরকারি জমি বরাদ্দ দেয়ার ক্ষেত্রে কিছু অনিয়ম হয়েছে। তবে এ অনিয়মের সঙ্গে অমিতাভ জড়িত নন।"
তিনি মন্তব্য করেন, "অদ্ভুত বিষয় হলো কাগজপত্রে ওই অনিয়মের ফলে সবচেয়ে লাভবান হচ্ছেন অমিতাভ, হাই কোর্টের রায়ে এর কোন প্রতিফলন ছিল না।"
অমিতভ বচ্চন বারাবাঙ্কি জেলার দৌলতপুর গ্রামে ২.৭৫ হেক্টর জমি ক্রয় করে। মহারাষ্ট্র সরকারের নিয়মানুযায়ী সেখানকার কৃষি জমি কিনতে হলে ক্রেতাকে অবশ্যই কৃষক হতে হবে। এজন্য অমিতাভ জমির ক্রয় করার সময় শর্তনামায় উল্লেখ করেন যে তিনি একজন কৃষক এবং পুনেতে তার ৬ হেক্টরের একটি খামার আছে।
কিন্তু রাজ্য সরকার পরে এ ব্যাপারে অনুসন্ধান করতে গিয়ে দেখেন যে, অমিতাভ জমি ক্রয় করার জন্য মিথ্যার আশ্রয় নেন।
মহারাষ্ট্র রাজ্য সরকার তাদের তদন্ত শেষে অমিতাভের বিরুদ্ধে মামালা করলে অমিতাভ জমির উপর থেকে তার দাবি প্রত্যাহার করে নেন। গত ডিসেম্বরে এলাহাবাদ হাইকোর্ট এই মর্মে রায় প্রদান করে যে, যেহেতু অমিতাভ জমির উপর থেকে তার দাবি তুলে নিয়েছেন সেহেতু এই মামলা প্রত্যাহার করা হোক।
উত্তর প্রদেশ রাজ্য সরকার মনে করে এই রায় সঠিক নয়। যেহেতু অমিতাভ জালিয়াতি করেছেন, সুতরাং শাস্তি তার প্রাপ্য।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএটি/ওএস/এমআইআর/২৩৩৫ঘ.
bdnews24