মার্চ ১১ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- জেলের বাইরে এসেও শান্তি পাচ্ছেন না সঞ্জয় দত্ত। সুখের আশায় দীর্ঘ দিনের বান্ধবী মান্যতাকে বিয়ে করলেন। কিন্তু সেখানেও গেরো। ফেব্র"য়ারিতে গোয়ায় গিয়ে রেজিস্ট্রি করে যে বিয়ে করেন মান্যতার কাগজপত্র ভুয়া প্রমাণ হওয়ার পর সে বিয়ে তারা নিজেরাই বাতিল ঘোষণা করেন। পরে মুম্বাইয়ে হিন্দু রীতি অনুযায়ী বিয়ে করলে বিতর্ক আরও জোরদার হয়, মুসলমান মান্যতা হিন্দু না হয়ে কীভাবে হিন্দু আচার অনুযায়ী বিয়ে করে। আগুনে সর্বশেষ ঘি ঢেলে যাচ্ছেন মিরাজুর রহমান নামে এক লোক, তার জোর দাবি- মান্যতা তার স্ত্রী এবং তাকে এখনো তালাক দেননি তিনি। খবর জিনিউজডটকমের।
মিরাজুর রহমান সোমবার মুম্বাইয়ের এক আদালতে গিয়ে দাবি করেন যে মান্যতা তার স্ত্রী এবং তাকে তিনি ডিভোর্স দেননি।
আইনজীবীর মাধ্যমে আদালতে মেজিস্ট্রেট পঙ্কজ শাহকে তিনি বলেন যে, ডিভোর্সের যে কাগজপত্র দেখিয়েছে মান্যতা তা জাল এবং যে সময়ে তিনি মান্যতাকে ডিভোর্স দিয়েছেন বলে কাগজে উল্লেখ করা হয়েছে তখন মান্যতা ৬ মাসের অন্তঃস্বত্তা ছিলেন।
ফলে, মিরাজের আইনজীবীর দাবি, মুসলিম আইন অনুযায়ী ওই ডিভোর্স বৈধ হবে না।
মিরাজ দাবি করেন, তিনি কখনো ডিভোর্স সংক্রান্ত কোন নোটিশ মান্যতার পক্ষ থেকে পাননি।
মিরাজ সঞ্জয় দত্তের সঙ্গে মান্যতার বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বলেন যে, তার সঙ্গে মান্যতার বিয়ে এখনো বাতিল হয়নি।
মান্যতা যদিও বলেছেন যে মিরাজের সঙ্গে বৈবাহিক সূত্রে তার কোন সন্তান নেই, মিরাজ আদালতে দাবি করেন যে তাদের একটি ছেলে রয়েছে। ছেলের নাম মুস্তাফা। তাদের তিন জনের ভিডিও ক্লিপিংস ও আলোকচিত্র তার কাছে মজুদ আছে।
আদালত মিরাজকে সাক্ষ্যসাবুদ সহ বিস্তারিত হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে।
মঙ্গলবার ফের মামলার শুনানি শুরু হবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১৯৪৫ ঘ
bdnews24