মার্চ ১০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- স্বাধীনতা দিবস উপলক্ষে কথা সাহিত্যিক হাসান আজিজুল হক এর লেখা 'ফেরা' গল্পটি নিয়ে বিশেষ নাটক প্রচার করবে বাংলাভিশন। মূল গল্প অবলম্বনে নাট্যরুপ দেয়া ও নাটকটি পরিচালনার কাজ করছেন মীর শরিফুল করিম শ্রাবণ। ১০ মার্চ দুপুর ২ টায় বাংলা ভিশনের নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দ্বিতীয় প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মার্চের অনুষ্ঠানমালা প্রসঙ্গে চ্যানেলের পক্ষ থেকে জানানো হয় এ কথা।
সম্মেলনে বক্তব্য রাখেন চ্যানেলের নির্বাহী পরিচালক আলাউদ্দিন আহমেদ, অনুষ্ঠান সমন্বয়ক দেওয়ান শামসুল রাকিব ও চপল বাশার। প্রত্যেকেই অনুষ্ঠানের মানোন্নয়নের মাধ্যমে বাংলা ভিশনকে সর্বাধিক দর্শকনন্দিত চ্যানেলে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্মেলনে জানানো হয়, মার্চে মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতীক) এর উপস্থাপনায় বিশেষ টক শো অগ্নিঝরা দিনগুলো প্রচারিত হবে। এছাড়াও মার্চের উল্লেখযোগ্য আয়োজনগুলোর মধ্যে রয়েছে মডেল ও অভিনেত্রী তিশার উপস্থাপনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান 'দেশের গান', রবিশংকর মৈত্রীর উপস্থাপনায় আবৃত্তির অনুষ্ঠান ইত্যাদি।
৩১ মার্চ দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর তিনদিন ব্যাপী আয়োজনে রয়েছে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সমস্যা ও ভবিষ্যৎ সম্ভাবনা সহ মিডিয়া সংক্রান্ত নানা বিষয় নিয়ে টক শো 'খোলা চোখে', গত দুই বছরে বাংলা ভিশনের জনপ্রিয় বিভিন্ন নাটক ও উল্লেখযোগ্য অনুষ্ঠানের অংশবিশেষ ও মজাদার নানা ফুটেজ নিয়ে নির্মিত অনুষ্ঠান সালতামামি, বিতার্কিক হাসান আহমেদ চৌধুরী কিরণের উপস্থাপনায় রম্য বিতর্কের অনুষ্ঠান 'হিন্দি চ্যানেল বনাম বাংলা চ্যানেল', গোলাম মোস্তফা খানের নৃত্য পরিচালনায় বিশেষ নৃত্যানুষ্ঠান 'নৃত্যানন্দ', নাট্যশিল্পীদের গাওয়া গান নিয়ে অনুষ্ঠান 'আকাশ নীলে', বাংলা ভিশনের আলোচিত ও জনপ্রিয় অনুষ্ঠানগুলো নিয়ে রম্য অনুষ্ঠান 'বাংলা ভিশন পোস্ট মর্টেম', কৃষি বিষয়ক অনুষ্ঠান 'কৃষি ট্যাভেল শো', ছোটদের জন্য অনুষ্ঠান 'ইচ্ছেগুড়ি এক্সপ্রেস' ইত্যাদি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএ/এমআইআর/২০৩৩ ঘ
bdnews24