মার্চ ৯ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এবং ভারতের প্রাক্তন ক্রিকেটার নভোজাত সিধু শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের শরীরের অঙ্গ দানের অঙ্গীকার করেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
প্রিয়াঙ্কা চোপড়ার বাবার একবার জরুরী ভিত্তিতে শরীরের অঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজন হয়েছিল। সেই সময়ের কথা চিন্তা করে প্রিয়াঙ্কা বলেন, "নিজের অঙ্গ দান করতে পেরে আমার খুব ভালো লাগছে। আমার মনে হয়, মানুষের প্রয়োজনে মানুষেরই এগিয়ে আসা উচিত।"
ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া সিধুর মতে, শরীরের অঙ্গ দান করা হচ্ছে অমরত্ব লাভের সবচেয়ে সহজ উপায়। কারন তিনি মারা গেলেও তার অঙ্গ ব্যবহার করে তখন অন্য একজন মানুষ বেঁচে থাকবে।
আর্মি অরগ্যান রিট্রাইবাল এবং ট্রান্সপ্লান্ট ওরগ্যানাইজেশন এর পরিচালক এ কে সাথ তার বক্তব্যে বলেন, আরও বেশি সংখ্যক তারকা ব্যক্তিত্বরা এ কাজে এগিয়ে এলে তাদের দেখে সাধারণ মানুষও অঙ্গ দানে উৎসাহিত হবে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী এ কে এন্টনি। তার মতে, ভারতে জীবনযাত্রার মান পরিবর্তনের সাথে সাথে চিকিৎসা ব্যবস্থাও অনেক এগিয়ে যাচ্ছে।
তিনি জানান, ভারতে বছরে প্রায় ৩০ হাজার লোক লিভারের রোগে মারা যায় । মানুষ যদি তাদের অঙ্গ দানে উৎসাহিত হয় তাহলে এই সমস্যা সমধানে ভারত আরও এগিয়ে যাবে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএটি/এমআইআর/১৯৩৭ ঘ
bdnews24