মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ৪ মার্চ মঙ্গলবার চিত্র পরিচালক কাজী হায়াৎ ও নায়িকা অপু বিশ্বাসের দ্বন্দ্বের সুষ্ঠু বিচারের দাবিতে ওই দিন থেকেই ধর্মঘটের ডাক দেয় শিল্পী সমিতি। অনির্দিষ্ট কালের জন্য ডাক দেয়া ধর্মঘটটি চলে ৫ মার্চ বুধবার বিকেল পর্যন্ত। প্রযোজকদের পক্ষ থেকে জানানো হয় ৩৬ ঘন্টা ধরে চলা শিল্পীদের এই ধর্মঘটের কারণে ক্ষতি হয়েছে প্রায় ১২ লাখ টাকা।
এ সম্পর্কে প্রযোজক পরিবেশক সমিতিার সভাপতি নাসির উদ্দিন দিলু বলেন, "এফডিসিতে প্রায়ই নির্মাতা ও শিল্পীদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর ফলে অনেক সময় শিল্পীরা কাজ বন্ধ করে দেয়। যার ফলে প্রযোকদের বিশাল অঙ্কের টাকা ক্ষতি হয়। এভাবে চলতে থাকলে তো মুশকিল। এই ক্ষতির দায় কে নেবে!"
অপু ও কাজী হায়াৎ এর দ্বন্দ্বের কারণে শিল্পী সমিতির পালন করা ধর্মঘটের সময় যেসব ছবির কাজ থমকে গিয়েছিল সেগুলো হল - এফ আই মানিক পরিচালিত 'আমাদের ছোট সাহেব', রকিবুল আলম রাকিবের 'চাকরের প্রেম' ও নায়ক রাজ রাজ্জাক পরিচালিত 'কোটি টাকার ফকির'।
এছাড়া ছিল শাহাদাত হোসেন লিটনের 'তোমাকে বউ বানাবো' ছবির ডাবিং।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএএম/ওএস/এমআইআর/১৮৫২ঘ.
bdnews24