মার্চ ৫ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- পুনে একাদশের বিরুদ্ধে ৯-৫ গোলে জয়লাভ করেছে বলিউড তারকারা। মঙ্গলবার ক্যানসার আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে এই চ্যারিটি ম্যাচের আয়োজন করা হয়। খবর ইন্ডিয়াএফএমডটকমের।
সালমান খান, তার ভাই সোহেল খান, অভিনেতা ও সংসদ সদস্য গোবিন্দ, নবাগত রণবীর কাপুর সহ অনেকেই নীল রঙের জার্সি পরে হাজির হন পুনের মাঠে। 'অভিজিৎ কদম মেমোরিয়াল ফাউন্ডেশন' এর উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টে তারা পুনে একাদশের সঙ্গে লড়েন মাঠে।
গোবিন্দ বলেন, "ক'টা গোল হলো সেটা নিয়ে আমি মোটেই ভাবিত নই। আমার মূল ভাবনা ছিল যে, একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এ খেলার আয়োজন করা হয়েছে। এবং ইশ্বরের কৃপায় অসুস্থ রোগীরা এর বিনিময়ে কিছু চিকিৎসা পাবে।"
খেলার প্রথমার্ধে ৩-৩ গোলে সমতা তৈরি হয়।
সালমান খান বলেন, "প্রথমার্ধে মোট ৬টি গোল হয়। তিনটা আমাদের দিক থেকে, বাকী তিনটা ওদের। গোলগুলো বেশ দেখার মতো ছিল।"
শেষ পর্যন্ত অভিনেতরা ৯-৫ গোলে জয়লাভ করেন।
হাঁটুর সমস্যার কারণে না খেললেও অ্যাকশন হিরো সুনীল শেঠী খেলার মাঠে উপস্থিত ছিলেন। তিনি বলেন, "এটা চ্যারিটি উপলক্ষে খেলা এবং একটা মহৎ মহত উদ্দেশ্য রয়েছে এর পেছনে। সুতরাং এখানে আসতে পেরে ভালো লাগছে।"
টুর্নামেন্টের শেষ দিনে অর্থাৎ ৮ মার্চ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির হবেন নানা পাটেকর ও জন আব্রাহাম।
কয়েক বছর আগে এক সড়ক দূর্ঘটনায় নিহত হন মন্ত্রী ডক্টর পতঙ্গরাও কদমের ছেলে অভিজিৎ কদম। তার স্মরণে ২০০৩ সাল থেকে অভিজিৎ কদম মেমোরিয়াল ফুটবল কাপ শুরু হয়। অভিজিৎ খুব নামকরা ফুটবল খেলোয়াড় ছিলেন। তার বাবা ও ভাই বিশ্বজিৎ মহারাষ্ট্রের উদীয়মান ফুটবল খেলোয়াড়দের উৎসাহ দেওয়া ও তৈরি করার লক্ষ্যে এই ফুটবল ম্যাচের আয়োজন করেন।
ক্যানসার বিশ্বের প্রধান সমস্যাগুলির একটি। প্রতি বছর অসংখ্য লোক মারা যাচ্ছে এ কারণে।
প্রতি বছর ১ কোটি ১০ লাখ লোক বিভিন্ন রকম চিকিৎসার পর ক্যানসারে আক্রান্ত বলে চিহ্নিত হয়। এবং প্রতি বছর এ কারণে ৭০ লক্ষ রোগী মারা যায়।
যেসব ক্যানসারে মানুষ বেশি আক্রান্ত হয় সেগুলি হলো ফুসফুসের ক্যানসার, গলার ক্যানসার, রক্তের ক্যান্সার। মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় স্তন ক্যান্সার।
ক্যানসারের প্রধান কারণগুলির মধ্যে রয়েছে ধূমপান, পান মসালা, মদ্যপান, পরিবেশ দূষন ও অস্বাভাবিক লাইফস্টাইল ইত্যাদি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭৩৭ ঘ
bdnews24