মার্চ ৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- এক সময়ের বলিউডের গ্লামার গার্ল জিনাত আমান আবার আসছেন রুপালী পর্দায়। 'দিল দিওয়ানা হ্যায়' নামের ছবিতে তার সঙ্গে দীর্ঘ দিন পর ছবিতে ফিরে আসছেন রাজ বাব্বরও। খবর ভারতের একাধিক সংবাদ সংস্থার।
এই জুটিকে প্রথম চলচ্চিত্রে দেখা গেছে 'ইনসাফ কা তারাজু' ছবিতে। ওই ছবিতে জিনাত মডেল ও রাজ বাব্বর এক ধর্ষকরে ভূমিকায় অভিনয় করেন।
ডি এস এস প্রডাকশন প্রযোজিত দিল দিওয়ানা ছবিটি পরিচালনা করছেন অভিনেতা রাজা বুন্দেলা।
এ প্রসঙ্গে জিনাত আমান বলেন, "রাজা বুন্দেলা যখন আমাকে ছবির ব্যাপারে প্রস্তাব দেয় তখন প্রথমেই আমার মনে হয়েছে যে রাজ বাব্বরের সঙ্গে আবার অভিনয় করাটা বেশ মজার হবে।"
এই দুজন ছাড়া দুজন নবাগতও থাকবেন এ ছবিতে। এরা হলেন আমির খানের চাচাত ভাই হায়দার আলী ও সাদা। সাদা অবশ্য এর আগে তামিল ও তেলেগু ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন।
ছবিতে জিনাত আমান হায়দারের মায়ের ভূমিকায় অভিনয় করবেন এবং রাজ বাব্বরকে দেখা যাবে সাদার বাবার চরিত্রে। 'দিল তো দিওয়ানা হ্যায়' পারিবারিক মূল্যবোধ, ঐতিহ্য ইত্যাদি বিষয়ে নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গিকে তুলে ধরেছে।
আগামী মে মাস থেকে ছবির কাজ শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/২০২১ ঘ.
bdnews24