মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- নাহ দেশ ছাড়ছেন না অপি করিম। যদিও মনটা তার পড়ে থাকে জাপানে কর্মরত স্বামী এফ এইচ আই আর আশির আহমেদের কাছে। তারপরেও আরও কয়েকদিন দেশেই থাকছেন মিনিপর্দার এই মিষ্টি মুখ।
বিয়ের পর অপির ইচ্ছে ছিল জাপানে স্বামীর সঙ্গে বসবাসের পাশাপাশি নিজের পিএইডডিটা সেরে ফেলা। কিন্তু তার আগে দেশেই ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানটি সারতে চাচ্ছিলেন।
তবে কিছু পারিবারিক ঝামেলার কারণে অনুষ্ঠানটি পিছিয়ে গেছে।
বিয়ের অনুষ্ঠানটি পিছিয়ে গেছে বলেই অপির জাপান যাওয়াটাও পিছিয়ে গেছে। তাই মাঝে যে বলেছিলেন, আপাতত নাটক করবেন না, সেই সিদ্ধান্ত তিনি পরিবর্তন করেছেন।
এই প্রসঙ্গে অপি বলেন,"আসলে বাংলাদেশে যতদিন আছি সেই সময়টাকে আমি বোনাস টাইম হিসেবে দেখতে চাই। দেশে যতদিন আছি ততদিন আরও কিছু ভালো কাজ করে যেতে চাই।"
নিজে কোন কিছু পরিচালনা করছেন কী না? জানতে চাইলে অপি দুই হাত নেড়ে বলেন, "ওরে বাবা না..নাহ। পরিচালনা আমি করতে চাই না। তবে ইচ্ছে আছে অন্য কিছু করার। তবে সেটা চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু বলতে চাই না।"
অপি কথাগুলো বলছিলেন '৪০ মিনিট পর' নাটকের একটি শুটিংয়ের ফাঁকে গল্পের আসরে। নাটকটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী।
অরুণ চৌধুরীর রচনায় এই নাটকটিতে অপি ছাড়াও অভিনয় করছেন, ম. সালাম, মডেল নিরব ও সার্জেন্ট বানি-উল্ আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওএস/এমআইআর/২১৩০ঘ.
bdnews24