মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- প্রতিবছরের মত এবারও ২ ও ৩ মার্চ অনুষ্ঠিত হচ্ছে বাউল শাহ আবদুল করিম লোক উৎসব। সুনামগঞ্জ জেলার দিরাই থানার উজানধল গ্রামে আয়োজিত এই উৎসবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাউলদের মেলা বসে। সারা দিন মেলা চলে। আর রাতে বসে বাউল গানের আসর। এবারের উৎসবেও এসব থাকছে।
এই লোক উৎসব প্রথম আয়োজন করা হয় ২০০৬ সালে। উৎসবের প্রধান উদ্যোক্তা শাহ আবদুল করিমের ছেলে শাহ নূর জালাল বলেন, "আমাদের দেশে প্রতি বছর লালন উৎসব হয়। সেটা দেখে আগ্রহী হয়েই বাবার সম্মানে একটা উৎসব আয়োজন করি ২০০৬ সালে। বাবা যাতে এই উৎসব দেখে যেতে পারেন, সেজন্যই তিনি বেঁচে থাকতেই উৎসবটা আয়োজন করা শুরু করি। উৎসব উপলক্ষে বাবার ভক্ত ও শুভাকাঙ্খীরা এই উজানধলে মিলিত হন। তার ভক্ত সংখ্যা অনেক। তাদের যাতে কোন অসুবিধা না হয় সেজন্য আমাকে গ্রামবাসীর সাহায্য নিতে হয়। এরজন্য আমি গ্রামবাসীর কাছে কৃতজ্ঞ।"
তৃতীয়বারের মত আয়োজিত এই শাহ আবদুল করিম লোক উৎসবে যোগ দিতে ঢাকা থেকে উজানধলে যাবেন এরকম শিল্পীদের মধ্যে আছেন ফেরদৌস ওয়াহিদ, মমতাজ, আসিফ আকবর, হাবিব ওয়াহিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএ/ওএস/এমআইআর/২১২৭ঘ.
bdnews24