ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সাহিত্যের কালজয়ী নারী চরিত্রদের নিয়ে নির্মিত হতে যাচ্ছে ধারাবাহিক নাটক 'গল্পের মানুষ'। মাসুম শাহরিয়ারের রচনা ও গোলাম মোক্তাদিরের পরিচালনায় নাটকটির বিভিন্ন পর্বের গল্প সাজানো হয়েছে বিভিন্ন সময়ে প্রকাশিত আলোচিত কবিতা, উপন্যাস ও গল্পের নায়কাকে কেন্দ্র করে।
সাহিত্যের যেসব নারী চরিত্রকে কেন্দ্র করে নাটক তৈরি হবে সেগুলি হলো : জীবনান্দ দাশের বনলতা সেন, আকাশ লীনা, রবীন্দ্রনাথ ঠাকুরের লাবন্য, শরৎ চন্দ্রের পার্বতী, চন্দ্রমুখী, সাবিত্রী, সুনীল গঙ্গোপাধ্যায়ের বরুণা, সমরেশ মজুমদারের দীপাবলি, বিনয় মজুমদারের গায়ত্রী ইত্যাদি।
নির্মাতা বলেন, "নাটকটিতে সুবর্ণা মুস্তাফা ৬০ বছরের বৃদ্ধার চরিত্রে অভিনয় করছেন। নাটকের কাহিনীটা এরকম যে, এই বৃদ্ধা দিনরাত বিভিন্ন উপন্যাস পড়েন। একসময় পড়তে পড়তে তিনি মিশে যান এইসব উপন্যাসের নারী চরিত্রগুলোর মাঝে। নিজে নিজেই কল্পনায় আঁকেন নারী চরিত্রগুলো। এভাবে মূল কাহিনী এগিয়ে যাবার সাথে সাথে বিভিন্ন পর্বে বিভিন্ন চরিত্রের সমাগম ঘটবে। আর প্রত্যেকটি আলাদা আলাদা নারী চরিত্রে অভিনয় করবেন এই সময়ের আলোচিত নায়িকারা।"
ধারাবাহিকটিতে আরও অভিনয় করছেন -- আজাদ আবুল কালাম, আনিসুর রহমান মিলন, সানজিদা প্রীতি, রিচি সোলায়মান প্রমুখ।
৫ মার্চ থেকে নাটকটির শুটিং শুরু হবে বলে জানান পরিচালক গোলাম মোক্তাদির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএ/ওএস/এমআইআর/ঘ.
bdnews24