ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- পাকিস্তানের ফাস্ট বোলার শোয়েব আখতারকে নিতে চান বলিউডের অভিনেতা শাহরুখ খান। তবে ভারতের কোন ছবিতে নয়। কলকাতা ক্রিকেট দলে এ শোয়েবকে দিয়ে আইপিএল লীগ খেলাতে চান শাহরুখ। খবর ভারতীয় ওয়েবসাইটের।
শোয়েব আখতার বলিউডের কিং খানের সঙ্গে দেখা করার জন্য সোমবার সকালে মুম্বাই পৌঁছান।
শোয়েব ইতিমধ্যেই শাহরুখ খানের সঙ্গে দেখা করেছেন। বলিউড অভিনেতার ব্যান্ডস্ট্যান্ড বাঙলোতে সোমবার রাতেই তাদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।
পাকিস্তানি এই ফাস্ট বোলারের ঘনিষ্ঠ একজন জানান, কলকাতা দলে খেলার জন্য শোয়েবকে বিশাল পরিমান অর্থ দেয়ার প্রস্তাব দিয়েছেন শাহরুখ। তবে সোমবার রাতে তাদের আলোচনা ফলপ্রদ হয়নি। শিগগিরই আবার তারা আলোচনায় বসবেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কলকাতা ক্রিকেট দলের মালিক হিসেবে শাহরুখ চান তার দলের সব খেলোয়াড় হবে একেকটা আগুনের গোলা। যারা শুধু জয়ের জন্য খেলবে।
এদিকে শোয়েব মুম্বাইতে পৌছিয়েই সঞ্জয় দত্তের সঙ্গে দেখা করতে চান। জানা গেছে সঞ্জয় এই পাকিস্তানি ক্রিকেট খেলোয়াড়ের সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন।
এছাড়া কলকাতা দলে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টকেও নেওয়ার চেষ্টা চলছে। শাহরুখের পক্ষে অস্ট্রেলিয়ার এই 'হার্ড হিটিং' ব্যাটসম্যানের সঙ্গে কথা বলছেন কলকাতা দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
এর আগে বাংলাদেশের স্পিনার মোহাম্মাদ রফিককেও কলকাতা দলের হয়ে খেলার জন্য প্রস্তাব দেয়া হয় বলে বার্তা সংস্থা রয়টার্স জানায়।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/২২২১ঘ.
bdnews24