২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান্ডেলার সম্মানে স্পাইস গার্লস

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার জন্য গান গাইতে পারলে খুশি হবেন বলে জানিয়েছেন স্পাইস গার্লস তারকারা। সোমবার তারা জানান, আগামী জুনে কৃষ্ণাঙ্গ নেতার ৯০ তম জন্মদিনের উৎসবে গান গাওয়ার আকাঙ্খা ব্যক্ত করলেও এখনো পর্যন্ত তার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন প্রস্তাব পায়নি এই ব্যান্ড দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 07:12 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ফেব্র"য়ারি ১৯, নিউ ইয়র্ক (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার জন্য গান গাইতে পারলে খুশি হবেন বলে জানিয়েছেন স্পাইস গার্লস তারকারা। সোমবার তারা জানান, আগামী জুনে কৃষ্ণাঙ্গ নেতার ৯০ তম জন্মদিনের উৎসবে গান গাওয়ার আকাঙ্খা ব্যক্ত করলেও এখনো পর্যন্ত তার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন প্রস্তাব পায়নি এই ব্যান্ড দলটি। নিউ ইয়র্কে কনসার্ট চলাকালে মঞ্চের পেছনে বসে রয়টার্সের সঙ্গে আলাপকালে ব্রিটিশ পপ দলটি এ কথা জানান। স্পাইস গার্লস এর ৫ সদস্যরা হলেন গেরি হলওয়েল, ভিক্টোরিয়া বেকহাম, মেলানি ব্রাউন, মেলানি চিশম ও এমা বান্টন। ব্রিটেনের ডেইলি মিরর গত সপ্তাহে এক প্রতিবেদনে জানায় যে ম্যান্ডেলা স্পাইস গার্লসের গান শোনার জন্য উদগ্রীব। বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর গত বছর এই ব্যান্ড দলটির সদস্যরা একত্রিত হন এবং একটি হিট অ্যালবাম ও বিশ্ব ভ্রমণের পরিকল্পনা করেন। চিশম ওরফে স্পোর্টি স্পাইস বলেন, "আমরা মিস্টার ম্যান্ডেলার চমৎকার বন্ধু। তার জন্য আবারও গান গাইতে পারলে খুশি হবো আমরা।" ১৯৯৭ সালে প্রেসিডেন্ট থাকাকালে ম্যান্ডেলা স্পাইস গার্লসদের প্রিটোরিয়ায় তার বাসভবনে আলাপ করা ও ছবি তোলার জন্য আমন্ত্রণ জানান। জোহানেসবার্গে এক চ্যারিটি শোতে অংশ নিতেও দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করে স্পাইস গার্লস। গত বছর ম্যান্ডেলার ৮৯তম জন্মদিনে গান গাওয়ার জন্য স্পাইস গার্লসদের আমন্ত্রণ জানালেও এমা বান্টন অন্তঃসত্ত্বা থাকায় তারা দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেন। হলওয়েল ওরফে জিঞ্জার স্পাইস বলেন, "আমাদের সৌভাগ্য যে ম্যান্ডেলার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি আমরা। অসাধারণ মানুষ তিনি। শক্তির প্রতীক তিনি। বিনয়ের অবতার। তার জন্মদিন পালনের সুযোগ যদি আমরা পাই তাহলে, ওয়াও, দারুন হয়।" ১৯৯০ এর দশকে 'ওয়ানাবে' ও 'সে ইউ উইল বি দেয়ার' এর মতো হিট অ্যালবামগুলো দিয়ে সেরা পপ দলগুলোর একটি হিসেবে জায়গা করে নেয় স্পাইস গার্লস। প্রায় সাড়ে তিন কোটি অ্যালবাম বিক্রি হয় তাদের। বিচ্ছিন্ন হওয়ার প্রায় এক দশক পরে গত ডিসেম্বরে স্পাইস গার্লসরা আবার একত্রিত হন। কনসার্ট নিয়ে বিশ্ব ভ্রমণের পরিকল্পনার কথা জানালেও ইতোমধ্যে তারা অস্ট্রেলিয়া, দক্ষিন আফ্রিকা, চীন সফর বাতিল ঘোষণা করেছেন। ২৬ ফেব্র"য়ারি টরন্টোতে অনুষ্ঠিত হবে তাদের শেষ কনসার্ট। তবে ভবিষ্যতে আবার কনসার্টে অংশ নেয়ার সম্ভাবনা নাকচ করে দেননি তারা। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১৩০১ ঘ