ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ১৫ ফেব্র"য়ারি ছিল জাতীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিললায়তনে আয়োজিত দশম আর্ন্তজাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবের প্রথম দিন। সেদিন বিকাল ৫টায় উৎসবের বিশেষ সেশন হিসেবে ৮৫ মিনিটের প্রামাণ্য চিত্র আয়রনইটারস (লোহাখোর) এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ছবিটির নির্মাতা বার্লিন প্রবাসী বাংলাদেশী শাহীন দিল রিয়াজ।
'লোহাখোর'-এর প্রেক্ষাপট হচ্ছে চট্টগ্রামের শিপ- ব্রেকিং ইয়ার্ড। নির্মাতা প্রামাণ্য চিত্রটিতে শ্রমিকদের কার্যপ্রণালী, তাদের মানবেতর জীবনযাপন, মালিক-শ্রমিক সম্পর্ক ফুটিয়ে তুলেছেন। সেখানে শ্রমিকরা অমানুষিক পরিশ্রম করেন, তাদেরকে কোন হেলমেট সরবরাহ করা হয় না। জীবনের ঝুকি নিয়ে সেখানে কাজ করতে হয়। একেকটি জাহাজ যেন একেকটি ফাঁদ। বিশাল বিশাল জাহাজ আনা হয়, তারপর সেগুলোকে টুকরো টুকরো করা হয়। এখান থেকে পাওয়া লোহা চাহিদা মেটায় দেশের অভ্যন্তরীণ শিল্পায়নের। শ্রমিকেরা এই কাজগুলোতে নূন্যতম নিরাপত্তা পায় না। বিষাক্ত গ্যাসে ভরা চেম্বারে নয়তো রাসায়নিক বর্জ্যভরা কক্ষে নেমে তাদের কাজ করতে হয়, কোন রকম মাস্ক কিংবা জুতো ছাড়াই খালি পায়ে। এতসবের পরেও মজুরি দিনপ্রতি মাত্র ৮০ টাকা। অনেকসময় সেটাও ঠিকমতো পাওয়া যায় না। বেশিরভাগ শ্রমিকই উত্তরবঙ্গের মঙ্গাপীড়িত অঞ্চলের। অভাবের তাড়নায় তারা পরিবার-পরিজন ছেড়ে মাসের পর মাস এই ঝুকিপূর্ণ কাজ করেন। মালিকপক্ষ লাভবান হলেও শ্রমিকপক্ষের অভাব ঠিকই থেকে যায়।
'লোহাখোর' প্রামাণ্য চিত্রটি ওয়ান ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড ২০০৭-এর প্রথম পুরষ্কার বিজয়ী। এটির ভিডিও চিত্র ধারন করতে সময় লেগেছে মোট ৫ মাস। ২০০৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত একটানা শুটিং করা হয়।
এছাড়ও উৎসবের প্রথম দিনে প্রদর্শিত হয় মোট ১৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
এরমধ্যে ৪টি প্রামাণ্য চিত্র- কোল্ড জয়েন্ট( চেকোস্লোভকিয়া), ক্রস রোড(সুইডেন), আয়রনইটারস(বাংলাদেশ/জার্মানি) এবং দি এনটিসটাইনস অফ দ্যা আর্থ(ফ্রান্স)।
অন্যান্য চলচ্চিত্রগুলো হচ্ছে ৭টি ফিকশন- দি অর্চার্ড(চীন), এভরি মিনিট, এভরি সেকেন্ড(স্পেন), নাই ত্রি ফাইভ জিরো (চেকোস্লোভকিয়া), জাস্ট মাই লাক(কানাডা), দি টি-শার্ট(ফ্রান্স), পিস অফ কেক(মেক্সিকো), দি রেড ফ্লাওয়ার(বাংলাদেশ),
৩টি অ্যানিমেশন- দি মল অন টপ অফ হাউজ(ভারত), কে লাইন পিক(কানাডা), মিথস এবাউট ইউ(ভারত)।
এছাড়াও ছিল একটি এক্সপেরিমেন্টাল চলচ্চিত্র - আই...ডিম্রিং(ইউএসএ)।
উৎসবের অন্য আরেকটি ভেন্যু হচ্ছে জাতীয় গ্রন্থাগারের সেমিনার রুম। সেখানে সর্বমোট ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়।
চলচ্চিত্র উৎসবের টিকেট পাওয়া যায় মিলনায়তের পাশেই। মূল্য ৩০টাকা।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/আরএইচকিউ/ওএস/২৩৫৩ঘ.
bdnews24