নিউ দিল্লি (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- শাহরুখ খান নতুন গেইম শো নিয়ে ফিরে আসছেন মিনিপর্দায়। আন্তর্জাতিকভাবে প্রচারিত 'আর ইউ স্মার্টার দ্যান এ ফিফথ গ্রেডার?' অনুষ্ঠানের ফরম্যাটে তৈরি হবে অনুষ্ঠানটি। হিন্দিতে 'কেয়া আপ পাঁচভি পাস সে তেজ হ্যায়?' নামের এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন বলিউড সুপারস্টার।
এ বছরের শেষের দিকে শুরু হবে অনুষ্ঠানটি। চূড়ান্ত বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন ৫কোটি রুপি। ভারতীয় কোন টিভি শো'তে এটাই সর্বোচ্চ পুরস্কার।
অনুষ্ঠানে কুইজ মাস্টার হিসেবে শাহরুখ খান প্রশ্ন করবেন বয়স্ক প্রতিযোগীদের। একটা ক্লাসরুমের আদলে তৈরি মঞ্চে প্রতিযোগীরা প্রথম থেকে পঞ্চম গ্রেডের ছাত্রদের উপযোগী বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। কোন প্রশ্নে প্রতিযোগী আটকে গেলে উপস্থিত পঞ্চম গ্রেডের একদল ছাত্রের সাহায্য নিতে পারবেন।
এই নতুন অনুষ্ঠানের ঘোষণা দিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় মঙ্গলবার। সেখানে শাহরুখ খান বলেন, "আশা করা যায় এই অনুষ্ঠান বিনোদনের মাধ্যমে শিশুদের শিক্ষা অর্জনে আগ্রহী করবে।"
এর আগে ২০০৭ সালে খান 'হু ওয়ান্টস টু বী এ মিলিওনিয়ার' এর ভারতীয় সংস্করণ 'কৌন বনেগা ক্রোড়পতি' অনুষ্ঠানটিও উপস্থাপনা করেন। বালসুলভ চপলতা ও প্রতিযোগীদের প্রতি তার সমমেদনার কারণে ওই অনুষ্ঠানটি দর্শকপ্রিয় হয়ে ওঠে।
নতুন কুইজ শো'র ব্যাপারে খান বলেন, "ওম শান্তি ওম' এবং 'চাক দে ইন্ডিয়া'র পরে আমার হাতে এখন কোন কাজ নেই। সুতরাং আমি খুবই উত্তেজিত একারণে যে শেষ পর্যন্ত আমি করার মতো একটা কাজ পেয়েছি।"
অনুষ্ঠানটি প্রচারিত হবে স্টার প্লাস চ্যানেলে। প্রযোজনা করবে সিদ্ধার্থ বসু'র সিন্ডার্গি অ্যাডল্যাবস। প্রতি সপ্তাহান্তে প্রচারিত হবে ৩৬ পর্বের অনুষ্ঠানটি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১২১২ ঘ
.
bdnews24