ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- তরুণ সুরকার ও গীতিকার শফিক তুহিনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন দেশ বরেণ্য গায়িকা শাহনাজ রহমতউল্লাহ। গত দুই বছর ধরে নির্মিতব্য একটি দ্বৈত অ্যালবামে গান গাওয়া ও পরবর্তী অসদাচরণের জন্য শাফিক তুহিনের উপর ভীষণ মনক্ষুন্ন হয়েছেন এই শিল্পী।
শফিক তুহিনের কথা ও সুরে নির্মিতব্য অ্যালবামটিতে শাহনাজ রহমতউল্লাহর সঙ্গে গান করেছেন সামিনা চৌধুরী।
এই প্রসঙ্গে শাহনাজ রহমতউল্লাহ বলেন, "শফিক তুহিন প্রথমে যথেষ্ট বিনয়ের সঙ্গে বিভিন্ন সময়ে আমাকে দিয়ে ৫টি গান করিয়ে নেয়। পরে অ্যালবামের প্রচ্ছদ ও পোস্টারের ডিজাইনের জন্য বারবার তাগাদা দিয়ে আমার ফটো সেশন করিয়ে নিয়েছে। কিন্তু শর্তানুযায়ী সম্মানীর পুরোটা এখনও দেয়নি। ফোন করলেও ধরে না। কিছুক্ষণ পরে করলে ফোন বন্ধ পাওয়া যায়। কয়েকদিন ধরে আমি তার ফোনই বন্ধ পাচ্ছি। তার এরকম আচরণে আমি খুবই কষ্ট পেয়েছি।"
শাহনাজ রহমতউল্লাহর এরকম অভিযোগের প্রেক্ষিতে শফিক তুহিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার সেল ফোন বন্ধ পাওয়া যায়। পরে এই অ্যালবামের আরেক শিল্পী সামিনা চৌধুরীর সঙ্গে আলাপ করে জানা যায় যে, শফিক তুহিনের সেল নম্বর বদল হয়েছে।
সামিনা চৌধুরী শাহনাজ রহমতউল্লাহর অভিযোগ শুনে তিনি নিজের উদ্দ্যোগেই শাফিক তুহিনকে বিষয়টি জানান।
পরে গীতিকার নিজেই বিডিনিউজটোয়েন্টিফোরডটকম এ যোগাযোগ করে বলেন, "শাহনাজ আপা যে অভিযোগটি করেছেন তা মোটেই সঠিক নয়। বিভিন্ন ব্যস্ততার কারণে দীর্ঘদিন আমি তার সঙ্গে দেখা বা যোগযোগ করতে পারিনি। আমি এখনই শাহনাজ আপাকে ফোন দিচ্ছি।"
দু'জনের পাল্টা পাল্টি বক্তব্যের পর পুনরায় শাহনাজ রহমতউল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "কিছুক্ষণ আগে শফিক তুহিন আমাকে ফোন করে জানায় অল্প কয়েকদিনের মধ্যেই সে আমার সমস্ত দেনা পাওনা পরিশোধ করে দেবে। সেই সঙ্গে অনুরোধ করেন এই ব্যাপারে আমি যাতে মিডিয়ার কাছে কোন অভিযোগ না করি। কিন্তু এর উত্তরে আমি তাকে সতর্ক করে দিয়ে বলেছি এই সব ফালতু আবদার নিয়ে আমার কাছে যেন সে আর না আসে।"
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/২০৪০ঘ.
bdnews24