২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশিতার পরিচালনায় ভালবাসা দিবসের নাটক

ভালবাসা দিবস উপলক্ষে পঞ্চমবারের মত নাটক তৈরি করলেন অভিনেত্রী-নৃত্য শিল্পী রুমানা রশিদ ঈশিতা। তার রচনা ও পরিচালনায় নাটকটির নাম 'রবে নীরবে'। ১৪ ফেব্র"য়ারি চ্যানেল আইতে রাত ৭ টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটকটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2008, 04:36 PM

Updated : 26 Aug 2022, 01:21 PM

ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ভালবাসা দিবস উপলক্ষে পঞ্চমবারের মত নাটক তৈরি করলেন অভিনেত্রী-নৃত্য শিল্পী রুমানা রশিদ ঈশিতা। তার রচনা ও পরিচালনায় নাটকটির নাম 'রবে নীরবে'। ১৪ ফেব্র"য়ারি চ্যানেল আইতে রাত ৭ টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, কুসুুম শিকদার, নাঈম ও লাক্স তারকা ফারিয়া। এর আগেও ভালবাসা দিবস উপলক্ষে দুটি নাটক পরিচালনা করেছিলেন ঈশিতা। আগের নাটকগুলি থেকে এই নাটকটির পার্থক্য কী জানতে চাইলে ঈশিতা বলেন, "প্রেমের নাটকে হিসেবে 'রবে নীরবে' নাটকটি বেশ সিরিয়াস। কারণ এতে এক দম্পতির দুই জীবনের প্রেম দেখানো হয়েছে। প্রথমে দেখানো হয় তাদের ছাত্র জীবনের প্রেম। পরে দেখানো হয় বিয়ের পর দাম্পত্য প্রেম ও তাদের মানসিক টানাপোড়েন। সেই হিসেবে আগের নাটকগুলি থেকে এই নাটকটির বেশ পার্থক্য আছে। কারণ আগের নাটক দুটিই ছিল তরুণ বয়সের প্রেম নিয়ে নাটক।" বিয়ের পরের জীবনের প্রেম নিয়ে নাটক রচনা করতে গিয়ে কি নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন? এই প্রশ্নের উত্তরে ঈশিতা বলেন, "নিজের না, তবে মানুষতো অভিজ্ঞতার আলোকেই নাটক লেখে। বিয়ের পর আমিও বুঝেছি বিবাহিত জীবনের প্রেমটা কী রকম। তাই 'রবে নীরবে' নাটকে বিয়ের পরের প্রেমের অভিজ্ঞতাটা আমি ফুটিয়ে তুলেছি। জানি না কতটুকু পেরেছি। বিচার করবেন দর্শকরা।" ঈশিতার পরিচালনায় প্রথম পরিচালিত নাটকটিও ছিল ভালবাসা দিবসের বিশেষ নাটক। ২০০৬ সালে প্রচারিত হওয়া নাটকটির নাম 'নিঝুম অরণ্য'। সেই সময় 'সাপ্তাহিক ২০০০' এ প্রকাশিত পাঠকদের পাঠানো একটি ভালবাসা গল্প অবলম্বনে 'নিঝুম অরণ্য' নাটকটির চিত্রনাট্য তৈরি করেছিলেন ঈশিতা। এরপর ২০০৭ সালে আবারও ভালবাসা দিবস উপলক্ষে নাটক তৈরি করেন। নাম 'লুকোচুরি'। এছাড়া গত বছরের মাঝামাঝি সময়ে সাপ্তাহিক নাটক হিসেবে প্রচারিত হয় ঈশিতার তৈরি তৃতীয় নাটক 'স্বপ্ন এবং স্বপ্নীল'। আর গত রোজা ঈদে বিশেষ নাটক হিসেবে প্রচারিত হয় তার চতুর্থ নির্মিত নাটক 'এক টুকরো নীল'। সবগুলো নাটকই চ্যানেল আইতে প্রচারিত হয়েছিল। এই প্রসঙ্গে ঈশিতা বলেন, "আসলে প্রথম নাটকটি ছিল চ্যানেল আই থেকে আমার অফিসিয়াল অ্যাসাইনমেন্ট। কারণ আমি এই প্রতিষ্ঠানে চাকরি করি। পরে ভালোলাগা থেকেই নাটক বানানো শুরু করি। তবে বিশেষ দিবসের নাটকগুলিই তৈরি করা হয়। পড়াশুনা, চাকরি আর অন্যান্য নাটকে কাজ করার পর, নাটক তৈরির জন্য আলাদা সময় বের করা সম্ভব হয় না।" ২০০৫ সালের শুরুতে ঈশিতা চ্যানেল আইতে চাকরি করা শুরু করেন। বর্তমানে 'আমাদের নুরুল হুদা', আবুল হায়াৎ পরিচালিত 'সাদেক দফাদার', কায়সার আহমেদের 'ফিরে দেখা' ইত্যাদি নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন এই অভিনেত্রী। নাটক তৈরি, চাকরি ও অভিনয়ের পাশাপাশি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ঈশিতা এমবিএ করছেন। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/২২০৭ঘ.