ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- শামিম শাহেদের প্রথম পরিচালিত নাটক 'চোর' এ প্রথম অভিনয় করতে গিয়ে ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট ভোর চারটার সময় পুকুরে নেমেছিলেন। পুকুর থেকে উঠে তিনি বলেন, ঠান্ডা পানিতে গোছল করা কোন ব্যাপার না।
নাটক প্রসঙ্গে কথা বলতে গিয়ে শামিম শাহেদ বলেন, "সত্যি, পাইলট যেমন ক্রিকেট খেলায় অন্তপ্রাণ তেমনি অভিনয়েও। নইলে এই শীতের ভোরে কেউ পুকুরে নামে।"
খালেদ মাসুদ পাইলট অবশ্য পুকুরের ঠান্ডা পানি থেকে উঠে কাঁপতে কাঁপতে বলেছিলেন, "না... নাহ্! এটা কোন ব্যাপার না, আমাদের প্রায়ই ঠান্ডা পানিতে গোসল করতে হয়।"
তবুও কেন এই পানিতে নামা? উত্তরে শামিম শাহেদ বলেন, "নাটকের নাম 'চোর'। খালেদ মাসুদ পাইলট সেই চোর এর চরিত্রে অভিনয় করেছেন। যদিও সে চোর না। তারপরেও সবাই তাকে সন্দেহ করে চোর হিসেবে। আর মার দেয়। সেই মারের ভয়ে পালাতে গিয়ে এক রাতে খালেদ মাসুদ পাইলট ওরফে নাটকের চোর পুকুরে গিয়ে নামেন। সেই দৃশ্য ধারণ করতে গিয়েই পাইলটকে পুকুরে নামতে হয়েছিল।"
অনেকেই বলছেন, এটা চরিত্রে প্রয়োজনে কতখানি খোলামেলা হতে পারবেন সেরকম ব্যাপার। পাইলট চরিত্রের প্রয়োজনে শীতের রাতে পুকুরে নেমেছেন।
নাটকটির শুটিং হয়েছে পুবাইলে। পাইলটের বিপরীতে অভিনয় করেছেন অপি করিম।
সাপ্তাহিক ২০০০ এর 'ভালবাসার গল্প প্রতিযোগীতা'য় প্রথম স্থান পাওয়া সাঈদ বাহাদূরের গল্প অবলম্বনে 'চোর' নাটকটির চিত্রনাট্য তৈরি করেছেন শামিম শাহেদ।
ভালবাসা দিবসের বিশেষ নাটক হিসেবে 'চোর' নাটকটি বাংলা ভিশনে প্রচারিত হবে ১৪ তারিখ রাত নয়টায়।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/২১২৪ঘ.
bdnews24