ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ৮ বছর পর আবার পরিচালনায় ফিরে এলেন 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে' ছবির বিখ্যাত পরিচালক আদিত্য চোপড়া। যশ রাজ ফিল্মস প্রোডাকশনের ব্যানারে তার নির্মিতব্য ছবিতে নায়ক হিসেবে থাকবেন শাহরুখ খান। খবর ভারতীয় ওয়েবাসাইটের।
যশ রাজ ফিল্মস এর এক মুখপাত্র শুক্রবার এ খবর জানান। এটা হবে আদির পরিচালনায় তৃতীয় ছবি। উল্লেখ্য, 'দিলওয়ালে' মুক্তির ত্রয়োদশ বছরেও ভারতের প্রেক্ষাগৃহে লাগাতারভাবে প্রদর্শিত হচ্ছে।
আদিত্য'র তৃতীয় ছবির নাম হবে 'রব নে বানা দি জোড়ি'। ছবিতে শাহরুখ খানের বিপরীতে নতুন এক নায়িকাকে হাজির করবেন পরিচালক। নতুন নায়িকা খোঁজার কাজ পুরোদমে চলছে।
ছবির চিত্রনাট্য লিখবেন আদিত্য চোপড়া নিজেই। মে নাগাদ ছবির চিত্রায়নের কাজ শুরু হবে। বছরের শেষ নাগাদ মুক্তি পেতে পারে ছবিটি।
২০০০ সালে তার দ্বিতীয় ছবি 'মোহাব্বাতে' পরিচালনার পর আদিত্য যশ রাজ ফিল্মস এর স্টুডিও নির্মাণের কাজে ব্যস্ত হয়ে পরেন। ফলে এতদিন তিনি ছবি পরিচালনা থেকে দূরে ছিলেন।
তবে এ ক'বছর তার তত্বাবধানে যশ রাজ ফিল্মস এর ব্যানারে নির্মিত হয়েছে বেশ কটি ব্লকবাস্টার ছবি। এর মধ্যে রয়েছে 'ধুম', 'ধুম ২', 'হাম তুম', 'বান্টি আউর বাবলি', 'সালাম নমস্তে', 'ফানা' ও 'চাক দে ইন্ডিয়া'। এর মধ্যে ২০০৪ সালে যশ চোপড়া পরিচালিত 'বীর-জারা' ছবির চিত্রনাট্যও রচনা করেন তিনি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১১০৪ ঘ
bdnews24