জানুয়ারি ৩০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- কলকাতার রাস্তায় প্রজেক্টর দিয়ে ছবি দেখানো সেলিমকে কেন্দ্র করে তৈরি একটি চলচ্চিত্র এ বছরের অস্কারের প্রামাণ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে। 'সেলিম বাবা' নামের এই ছবিটি তৈরি করেছেন মার্কিন চলচ্চিত্রকার টিম স্টার্নবার্গ। খবর ভারতীয় ওয়েবসাইটের।
উত্তর কলকাতার মারকুইস স্কয়ারে একটি কাঠের ঘরে ১৮৯৭ সালের তৈরি হাতে চালানো প্রজেক্টর দিয়ে সেলিম শিশুদের ছবি দেখান। প্রতিটি ছবির কাহিনী বাচ্চাদের বুঝিয়ে দেন। জাপানে তৈরি প্রজেক্টরটি তিনি পেয়েছেন তার বাবার কাছ থেকে। তার দর্শনীর পরিমান এক রুপি। ৪২ বছর ধরেই এক কাজ করে আসছেন তিনি। এর আয় দিয়েই তিনি জীবিকা নির্বাহ করেন।
নাচ-গান-অ্যাকশন সমৃদ্ধ হলিউডের বাতিল ছবির ট্রেইলার দেখান তখন যুবক-বৃদ্ধ সবাই আনন্দে উদ্বেলিত হয়। পাঁচ মিনিটের এই ট্রেলার দেখাতে সেলিম এক রুপি করে নেন।
সেলিম জানান, "আমি ফিল্মের ট্রেইলারগুলো সংগ্রহ করি চাঁদনী চক, ক্যানিং স্ট্রিট ও মুরগিহাটা থেকে।"
এই সেলিম কয়েকদিন আগে প্রথমবারের মত অস্কার এর নাম নাম শুনে অবাক হয়ে জানতে চান, "অস্কার জায়গাটা কোথায়।.. অস্কার জয় করলে আমি কি আমি কিছু টাকা পাব যা দিয়ে আমার মেয়ের বিয়ে দেয়া সম্ভব।"
যখন তাকে অস্কার এবং তার গুরুত্ব সম্পর্কে জানানো হয় তখন তিনি জানতে চান এটা ভারতীয় 'ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড' এর মত কোন ব্যাপার কী না। যদি হয়, তাহলে এ ছবিতে যুক্ত থাকতে পেরে তিনি গর্ববোধ করছেন।
এরপর তিনি আবার জানতে চান, "এর ফলে কী আমি কিছু পাব, যা দিয়ে আমার দ্বিতীয় মেয়ের বিয়ে দিতে পারি?"
কলকাতা ছবির পরিচালক রাজা দেব 'সলিম বাবা' ছবির সহ-পরিচালক হিসেবে কাজ করেন। তিনি জানান, "এই ছবি তৈরির সঙ্গে সংযুক্ত থাকতে পেরে আমি খুশি। আমি আশা করি এর মাধ্যমে সেলিমের জন্য কিছূ টাকা সংগ্রহ করা যাবে।"
তিনি আরও বলেন, "যদি ছবিটি অস্কার জয় করে তাহলে পরিচালক তার জন্য কিছু করবেন।"
দেব জানান, সেলিমকে পূর্ণদৈর্ঘ্য ছবি বানাবার প্রস্তাবও দিয়েছেন টিম স্ট্রেনবার্গ।
সেলিম জানান, "তারা আমাকে কিছু কাগজপত্র সই করার জন্য পাঠায়। কিন্তু আমি একজন উকিলের সঙ্গে কথা বলে সেগুলো সই না করার সিদ্ধান্ত নিই। কারণ এসব কাগজপত্রে সই করার ফলে আমি অন্য কোন মিডিয়ার সঙ্গে কথা বলতে কিংবা কাজ করতে পারব না। একজন ব্রিটিশ পরিচালকও আমাকে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। আমি সবকিছু জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নেব।"
ধারণা করা হচ্ছে, এই ছবির দৌলতে সেলিমের যে জীবন কলকাতার রাস্তায় নিঃশেষ হতে পারত তা এবার পাল্টে যাবে।
২০০৬ সালে আমেরিকার ছবি পরিচালক স্ট্রেনবার্গ এবং ক্যামেরাম্যন ফ্রান্সিসকো তাকে নিয়ে ছবি বানানোর জন্য প্রথম কলকাতায় যান।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএটি/ওএস/এমআইআর/২০৩৯ঘ.
bdnews24