জানুয়ারি ২৯ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- গ্রেটদের বড় লক্ষণ সরলতা। শাহরুখ খান যে গ্রেট সেটা প্রমাণ করলেন আরও একবার। ফ্রেঞ্চ সরকারের দেয়া সম্মাননা গ্রহণ করতে যেয়ে কোন গুরুগম্ভীর বাণী নয়, অকপটচিত্তে বলিউড অভিনেতা স্বীকার করলেন যে তরুন বয়সে যেসব কারণে তিনি ফরাসী ছবির দিকে আকৃষ্ট হয়েছিলেন তার অন্যতম কারণ এর শয্যাদৃশ্য। খবর ভারতীয় ওয়েবসাইটের।
'অফিসার অফ দি অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটারস' গ্রহণের প্রাক্কালে খান বিস্ময় প্রকাশ করে বলেন যে, ফ্রান্সে তিনি যে এতো জনপ্রিয় তা আগে জানতেন না।
মুম্বাইয়ে ফরাসী চলচ্চিত্র উৎসবের উদ্ধোধনী অনুষ্ঠানে খান বলেন, "যুক্তরাজ্য ভ্রমণের পর আমি জানতে পারি যে সেখানের লোক আমাকে চেনে। কিন্তু ফ্রান্সের লোক যে আমাকে যে আমাকে চেনা এটা আমি কখনো টের পাইনি।"
রোববার ওই অনুষ্ঠানে শাহরুখকে ফ্রান্সের রাষ্ট্রীয় খেতাব প্রদান করেন ভারতে নিযুক্ত ফরাসী রাষ্ট্রদূত জেরোম বোনাফন্ট।
বলিউড সুপারস্টার বলেন, "আমি খুবই গর্বিত যে আমাদের চলচ্চিত্রের মাধ্যমে ভারতের সাংস্কৃতিক পরিচয় ফ্রান্সের সামনে তুলে ধরতে পেরেছি।"
ফ্রান্সের সঙ্গে তার যোগসূত্রের কথা উল্লেখ করতে গিয়ে খান মজা করে বলেন, "দিল্লিতে থাকার সময় আমি প্রায়ই সেখানকার ফেঞ্চ কালচারাল সেন্টারে যেতাম ছবি দেখতে। অনেকে বলত যে ফরাসী ছবি হলো সেরা ছবি। কিন্তু পরে আমি আসলে ছবি দেখতে যেতাম এর শয্যা দৃশ্য দেখতে।"
বাইরের ছবিতে অভিনয়ের কথা তিনি এখনো ভাবেননি। কারণ এখনো তিনি কোন বিদেশী ছবিতে অভিনয়ের প্রস্তাব পাননি।
১৫ বছরের অভিনয় জীবনে শাহরুখ খান বলিউডের অনেক হিট ছবিতে অভিনয় করেছেন। ২০০৭ সালে তার 'চাক দে ইন্ডিয়া' ও 'ওম শান্তি ওম' ছবি দুটি ব্যবসাসফল হয়।
'অফিসার অফ দি অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটারস' খেতাবটি প্রবর্তিত হয় ১৯৫৭ সালে। ফ্রান্স ও বিশ্বের বিভিন্ন দেশের যারা শিল্প ও সাহিত্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে জনপ্রিয় হয়েছেন তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/২১৪৪ঘ.
bdnews24