জানুয়ারি ২৯ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ৩১ জানুয়ারি বলিউডের অভিনেত্রী প্রীতি জিনতার জন্মদিন। তবে তার আগেই জন্মদিনের উপহারটা দিয়ে ফেলেছেন তার প্রেমিক নেস ওয়াদিয়া। আর সেটা হলো 'ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ' বা 'আইপিএল' এর একটি দলের অংশীদারিত্ব। ব্যবসায়িক অংশীদার হিসেবে প্রীতির সঙ্গে আরও আছেন করণ পল ও মুহিত পুরি। খবর ভারতীয় ওয়েবসাইটের।
প্রীতি, ওয়াদিয়া, করণ ও মুহিত গত সপ্তাহে তিনশ কোটি রুপির দরপত্র দাখিল করে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছ থেকে 'মোহালি' ক্রিকেট দলকে কিনে নেয়। এই দল এপ্রিলে অনুষ্ঠেয় 'টি-টোয়েন্টি' ঘরানার ক্রিকেট খেলায় অংশ নেবে।
বলিউড তারকা শাহরুখ খান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দরপত্রের মাধ্যমে জিতে নেয় ক্রিকেট দল 'কলকাতা'কে। এর জন্য প্রীতিও খুশি।
প্রীতির চলচ্চিত্র জীবন শুরু হয়েছিল শাহরুখের বিপরীতে 'দিল সে' ছবিতে অভিনয়ের মাধ্যমে। এখন প্রীতি ক্রিকেট ব্যবসাও শুরু করলেন শাহরুখ খানের সঙ্গে।
তবে প্রীতির জন্য ব্যবসা বাণিজ্য নতুন কোন ঘটনা নয়। তিনি ওয়াদিয়া পরিবারের এয়ারলাইন্স ব্যাবসারও অংশীদার। সেখানে অবশ্য তিনি 'স্লিপিং পার্টনার'। তাকে ওই ব্যবসায় তেমন কিছু করতে হয় না।
তবে এবার 'আইপিএল' এর ব্যবসার মাধ্যমে একেবারে আদর্শ ব্যবসায়ী হয়ে মাঠে নেমেছেন প্রীতি। দরপত্র জমা দেওয়া থেকে শুরু করে জেতা পর্যন্ত সবকিছু নিয়েই তার উত্তেজনা ছিল দেখার মত।
আরও মজার ব্যাপার হল প্রীতি আইপিএর এর একমাত্র নারী ব্যবসায়ী। তার মতে, "সব মজা কেন ছেলেদের জন্য? এটা ২০০৮ সাল। শুধু ক্রিকেট ভক্ত হলেই চলবে? ব্যবসায়িক দিক দিয়ে মেয়েদের সমান তালে এগিয়ে আসতে হবে। আমি ক্রিকেট সম্পর্কে আরও জানতে চাই। এজন্য বই পড়ছি, পুরনো খেলা দেখছি। আমি জানি কীভাবে ক্রিকেট ব্যাট ধরতে হয়। চার, ছক্কা ছাড়াও ক্রিকেটের অনেক বিষয়ই আমি এখন জানি।"
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/ওএস/এমআইআর/২১৩৭ঘ.
bdnews24