জানুয়ারি ২৫ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বন্ড সিরিজের ২২তম ছবির নাম ঠিক হয়েছে 'কোয়ান্টাম অফ সোলেস'। লন্ডনের পাইন উড স্টুডিওতে চিত্রধারনের কাজ শুরু হয়েছে। খবর বৃটিশ ওয়েবসাইটের।
ডেনিয়েল ক্রেইগ আবারও এজেন্ট ০০৭ হিসেবে আসবেন। ২০০৬ এ যেখানে 'ক্যাসিনো রয়্যালে'র শেষ হয়েছে সেখান থেকেই নতুন কাহিনী শুরু হবে বলে ছবির প্রযোজনা কর্তৃপক্ষ জানিয়েছেন।
জুডি ডেঞ্চ 'বস এম' আর ম্যাথিউ অ্যামারলিক খল চরিত্রে অভিনয় করবেন। এবারের বন্ড গার্ল ইউক্রেনের অভিনেত্রী ওলগা কুরিলেঙ্কো।
যুক্তরাজ্য ছাড়াও অস্ট্রিয়া, পানামা আর ইতালিতে ছবির শুটিং হবে। যুক্তরাজ্য আর যুক্তরাষ্ট্রে এ বছরের ৭ নভেম্বর মুক্তি পাবে ছবিটি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/এমআইআর/২২২০ ঘ.
bdnews24