জানুয়ারি ২৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন ব্যক্তি উদ্যোগে একটি পঙ্গু হাসপাতাল নির্মাণ করার প্রস্তুতি নিচ্ছেন। এ বছরের মাঝামাঝিতে হাসপাতালটির নির্মাণ কাজ শুরু করবেন বলে জানিয়েছেন ঢালিউড অভিনেতা।
হাসপাতাল নির্মাণ প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, 'নিরাপদ সড়ক চাই' আন্দোলন নিয়ে আমি দেশী ও বিদেশী বহু লোকের কাছ থেকে সাড়া পেয়েছি। এখন একটি হাসপাতাল নির্মাণ করা আমার কর্তব্য বলে মনে করছি। প্রতিদিন সারা দেশে অনেক মানুষ সড়ক দুর্ঘটনার শিকার হন। তাদের সঠিক চিকিৎসা সেবা দিতে পারলে হয়তো অনেকেই আবার স্বাভাবিক জীবন ফিরে পাবেন। আমার নির্মিতব্য হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিরা নাম মাত্র মূল্যে যেন চিকিৎসা সেবা পায় সেই ব্যবস্থাই করা হবে।"
১৯৯২ সালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা পারভীন নিহত হওয়ার পর থেকেই তিনি বিভিন্ন সামাজিক সচেতনা মূলক কর্মকান্ডে জড়িয়ে পড়েন।
১৯৯৩ সালের ২৭ অক্টোবর গঠন করেন সেচ্ছাসেবী সংগঠন 'নিরাপদ সড়ক চাই'। নিরাপদ সড়কের জন্য তার গঠন করা এই সংগঠন দিয়ে তিনি নিরাপদ সড়কের জন্য সামাজিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে সংগঠনটির পাঁচশতাধিক শাখা গড়ে উঠেছে দেশব্যাপী। ইন্দোনেশিয়া, মালয়শিয়া, ইটালি, ফ্রান্স, জার্মান, চীন ও জাপানেও এই সংগঠনের শাখা রয়েছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/১৯৪৬ঘ.
bdnews24