জানুয়ারি ২৩ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- রাজপুতরা দারুন চটেছেন আশুতোষ গোয়ারিকারের 'যোধা আকবর' ছবির ব্যাপারে। ছবিতে তথ্য বিকৃতি ঘটানো হয়েছে বলে অভিযোগ তুলেছে তারা। এ কারণে রাজস্থানে এই ছবির মুক্তি দেওয়া যাবে না বলে হুমকি দিয়েছে রাজপুত নেতারা। খবর ভারতীয় ওয়েবসাইটের।
আশুতোষ পরিচালিত ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হৃত্বিক রোশান ও ঐশ্বরিয়া রাই। ছবিটি ১৫ ফেব্রয়ারি মুক্তি পাওয়ার কথা।
রাজপুত করনি সেনা'র সভাপতি লোকেন্দ্র কলবি বলেছেন যে, সেনা আশঙ্কা করছে যে 'যোধা আকবর' ছবিতে রাজস্থানের ঐতিহাসিক তথ্যের বিকৃতি ঘটানো হয়েছে। ছবিটি যোধপুর রাজ ঘরানার উপর ভিত্তি করে নির্মিত।
করনি সেনা ছবিটি মুক্তি পাওয়ার পর অনুপুঙ্খভাবে দেখবে। তখন যদি বিষয়টি নিশ্চিত হয় তাহলে রাজস্থানে এর প্রদর্শনী চলতে দেওয়া হবে না বলে জানান লোকেন্দ্র।
এর আগে রাজপুত মহাসভাও এই ছবিতে ঐতিহাসিক তথ্য বিকৃতির অভিযোগ এনেছিল। অভিযোগে তারা বলে যে, যোধা ছিল আকবর তনয় সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী। এর আগে কে আসিফ পরিচালিত 'মোঘল এ আজম' ছবিতেও ভুল করে তাকে আকবরের স্ত্রী হিসেবে দেখানো হয়েছে।
ওদিকে ভারতের অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার তালিকাভুক্ত সংগঠন দি সোসাইটি ফর প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমেলস এর পক্ষ থেকেও আশুতোষ গোয়ারিকারকে একটি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে তারা জানতে চেয়েছে যে, 'যোধা আকবর' ছবিতে যে সব প্রাণী দেখানো হয়েছে সেগুলি ব্যবহারের ব্যাপারে তিনি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েছেন কী না।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/১২২৮ ঘ
bdnews24