জানুয়ারি ১৯ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- হলিউড অভিনেত্রী গিনেথ প্যাল্ট্রোকে হুইল চেয়ারে করে বসিয়ে সোমবার নিউইয়র্কের 'মাউন্ট সিনাই মেডিকেল সেন্টার' এ নিয়ে যান তার স্বামী ক্রিস মার্টিন। এক প্রত্যক্ষদর্শী জানান, গিনেথকে সেই হাসপাতালের মাতৃত্ব বিভাগ 'ক্লিংস্টেইন প্যাভিলিয়ন' এ নয়ে যাওয়া হয়। খবর মার্কিন ওয়েবসাইটের।
দৈনিক নিউ ইয়র্ককে সেই প্রত্যক্ষদর্শী জানান, "তাদেরকে খুবই গম্ভীর দেখাচ্ছিল। গিনেথ ছিলেন মনমরা। তারা সবাইকে এড়িয়ে লিফট-এ উঠে যান। মনে হয় গিনেথ অন্তঃসত্ত্বা।"
৩৫ বছর বয়স্ক এই অভিনেত্রী তিন বছরের শিশু কন্যা অ্যাপল ও এক বছরের ছেলে মোজেস এর জননী। কয়েকদিন আগেই এই দম্পতি ঘোষণা দিয়েছিলেন অচিরেই তারা তাদের পরিবার বড় করবেন।
গিনেথের মুখপাত্র স্টিফেন হুভ্যান মাতৃত্বের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, "গিনেথ এখন ভালো আছেন। তার মা হওয়ার ব্যাপারটা কল্পনাপ্রসূত। আর এই বিষয়টা তাদের ব্যাক্তিগত ব্যাপার, সবার জন্য আলোচনার বিষয় এটা নয়।"
মার্কিন অন্য একটি পত্রিকা জানায়, আসলে গিনেথ প্যাল্ট্রো পেটের গ্যাস সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে নিউ ইয়র্ক হাসপাতালে ভর্তি হন। তার বন্ধু শেফ মারিও বাটালি বলেছেন, "গিনেথ এখন সুস্থ। তার যন্ত্রণা দূর হয়েছে।"
সুস্থ হওয়ার পর ১৭ জানুয়ারি বৃহস্পতিবার হাসপাতাল থেকে গিনেথকে নিয়ে বের হওয়ার সময় তার স্বামী গায়ক ক্রিস মার্টিন এক পাপারাজ্জিকে আঘাত করে বসেন। ওই সময় গিনেথ আপাদমস্তাক একটি জ্যাকেট দিয়ে ঢাকা ছিলেন। পাপারাজ্জি সেই অবস্থায় গিনেথের ছবি তুলতে গেলে মার্টিন তার ক্যামেরা কেড়ে নেন। আর ধাক্কা মেরে তাকে মাটিতে ফেলে দেন। পরে পাপারাজ্জিকে তার ক্যামেরা ফেরত দিতে গিয়ে তিনি বলেন, "মানুষকে সম্মান দিতে শেখো।"
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/২১৪৪ঘ.
bdnews24