জানুয়ারি ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- খেপে গেছেন রাখী সাওয়ান্ত। এমনিতেই ভারতের স্টার প্লাসের 'নাচ বলিয়ে'র তৃতীয় মৌসুমের প্রতিযোগিতায় সেরা হতে না পারায় ক্ষোভে চ্যানেলটির বিরুদ্ধে অনেক কটু কথা বলেছেন তিনি, থানায় অভিযোগও দায়ের করেছেন। এবার তিনি ক্ষুদ্ধ, রানার আপের পুরস্কার মূল্য ৫ লাখ রুপি এখনো তিনি পাননি। এর আগের পর্বগুলিসহ তার ও তার বন্ধু অভিষেক আবাস্তির মোট পাওনা ২৪ লাখ রুপি বলে দাবি করেছেন বলিউড চলচ্চিত্রের এই আইটেম গার্ল। খবর ভারতীয় ওয়েবসাইটের।
রাখী জানিয়েছেন যে তনি এর মধ্যে একাধিকবার স্টার প্লাসের কাছে তার পাওনা রুপি চেয়েছেন। কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ তাকে জানিয়েছে, ওই রুপি নেওয়ার আগে স্টার প্লাসের বিরুদ্ধে তিনি যে কুৎসা রটনা করেছেন সে জন্য তাকে ক্ষমা চাইতে হবে, প্রত্যাহার করতে হবে সব অভিযোগ।
'নাচ বলিয়ে'র ফলাফল ঘোষণার পরপরই রাখী ও অভিষেক প্রতিযোগিতার ভোটিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন। তারা অভিযোগ করেন, "কারচুপির মাধ্যমে আমির আলী ও সানজিদা শেখকে জিতিয়ে দেয়া হয়েছে। চ্যানেল পয়সা খরচ করে সাইবারক্যাফে ভাড়া করে তাদের পক্ষে ভোট পাঠানোর ব্যবস্থা করেছে।"
বুধবার সন্ধ্যায় চ্যানেল এর পক্ষ থেকে লিখিতভাবে রাখীকে জানানো হয় যে, তাদের সুনাম করার জন্য রাখীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। চ্যানেল নিশ্চিত যে রাখী ক্ষমা চাইবে।
চ্যানেলের চিঠি পেয়ে রাখীর ক্রোধাগ্নিতে ঘি পরেছে।
রাখী বলেছেন, "আমি ক্ষমা চাইব না। এর শেষ আমি দেখে ছাড়ব। আমাকে অপমান করা হয়েছে। ভাবুন, ওরা আমাকে আর অভিষেককে 'বেস্ট ড্রেমবাজ জোড়ি'র পুরস্কার দেয়া হলো। সেরা আর কোন জুটিকে কি ওরা এরকম পুরস্কার দিয়েছে? আমি এই প্রতিযোগিতার জন্য এতো পরিশ্রম করেছি আর তার পুরস্কার কিনা এই!"
রাখী আরও বলেন, "আমাকে স্টার প্লাসের ২৪ লাখ রুপি দিতে হবে। শিঘ্রই এটা দিয়ে দেওয়া উচিত। কারণ, আমার অর্থের প্রয়োজন। কিন্তু আমার পাওনা পরিশোধের ব্যাপারে তাদের মধ্যে কোন আগ্রহ দেখা যাচ্ছে না। এটা অন্যায়।"
এ প্রসঙ্গে চ্যানেলের সিনিয়র ক্রিয়েটিভ ডিরেক্টর অনুপম মান্দোলি বলেন, "দেখেন, রাখীর সঙ্গে আমাদের যে চুক্তি ছিল সে সেই চুক্তির নীতিবিরুদ্ধ কার করেছে। ফলে সে আমাদের বিরুদ্ধে যে মিথ্যা অভিযোগগুলি করেছে সে জন্য তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়ার পর আমরা তার সমুদয় পাওনা পরিশোধ করব।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭৪৭ ঘ
bdnews24