২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইয়ে বিভিন্ন উপাসনালয় ঘুরে দেখলেন ম্যাডোনা

মার্কিন পপ গায়িকা ম্যাডোনা ৯ জানুয়ারি বুধবার মুম্বাইয়ের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলো ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন তার স্বামী-পরিচালক গাই রিচি ও অস্ট্রেলিয় ঔপন্যাসিক গ্রেগরি রবার্টস। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 01:21 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

জানুয়ারি ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মার্কিন পপ গায়িকা ম্যাডোনা ৯ জানুয়ারি বুধবার মুম্বাইয়ের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলো ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন তার স্বামী-পরিচালক গাই রিচি ও অস্ট্রেলিয় ঔপন্যাসিক গ্রেগরি রবার্টস। খবর ভারতীয় ওয়েবসাইটের। বেশ কয়েকটি গ্র্যামি বিজয়ী, ৪৯ বছর বয়স্ক এই গায়িকা দক্ষিন মুম্বাইয়ে অবস্থিত ১২৪ বছরের পুরানো ইহুদিদের মন্দির 'কেনেসেথ এলিয়াহু' দর্শন করেন। তখন তার পরনে ছিলো টিশার্ট, জিন্স, শাল ও বুট জুতা। সেখান থেকে তারা মোশেস রেস্টুরেন্টে কফি খেয়ে 'আফগান চার্চ' দেখতে যান। ১৮৩৮ সালে প্রথম আফগান যুদ্ধে নিহতদের স্মরণে ব্রিটিশরা এই স্মৃতিরক্ষামূলক স্মারকটি তৈরি করেন। এরপরই তারা মুম্বাইয়ের অন্যতম জনপ্রিয় স্থাপত্য 'হাজি আলি মসজিদ' পরিদর্শন করেন। ভারতের উদয়পুরে নতুন বছরের প্রথম দিনগুলো কাটিয়ে, সেখান থেকে একটি ভাড়া করা প্লেনে চড়ে ম্যাডোনা তার স্বামী ও তিন ছেলে সহ মঙ্গলবার মুম্বাই পৌছান। তিনি মঙ্গলবারেই মুম্বাইয়ের ঘিঞ্জি এলাকা আর খোলা বাজারে হেঁটে বেড়ান। সেদিন রাতেই তিনি বলিউড অভিনেতা সুনিল শেঠীর সঙ্গে সাক্ষাৎ করেন। ম্যাডোনার সফরসঙ্গী গ্রেগরি রবার্টস এর বিখ্যাত উপন্যাস 'শান্তারাম' এর পটভূমি মুম্বাই শহর। উপন্যাসটিকে কেন্দ্র করে মীরা নায়ার একটি চলচ্চিত্র তৈরি করতে যাচ্ছেন যেখানে অমিতাভ বচ্চন , জনি ডেপ সহ অনেক খ্যাতিমান তারকার অভিনয় করার কথা। নতুন বছরে প্রাক্কালে স্বামী সন্তান ও ৫ জন বন্ধুকে সফরসঙ্গী করে ভারতের রাজস্থানে ঘুরতে আসেন ম্যাডোনা। সেখানে 'নিম্বুড়া' গানটি শুনে তিনি মুগ্ধ হন। গানটি 'হাম দিল দে চুকে সনম' ছবিতে ব্যবহার করা হয়। ঐশ্বরিয়া ও সালমান খান অভিনীত সঞ্জয়লীলা বানসালির 'হাম দিল দে চুকে সনম' ছবির অন্যতম সঙ্গীত পরিচালক ইসমাইল দরবার বলেন, "বানসালির সঙ্গে রাজস্থানে যখন ছবির শুটিংয়ের জন্য স্থান নির্বাচন করতে যাই, তখন এই গানটা আমি সেখানে শুনি। একদল স্থানীয় সঙ্গীত শিল্পী ঢোল বাজিয়ে গানটি পরিবেশন করছিল। মুলত এটি রাজস্থানের লোকগীতি। গানটি শুনেই আমার ভালো লাগে যায়। বানসালিকে বলি যে, 'হাম দিল দে চুকে সনম' ছবিতে রাজস্থানী ভাব আনার জন্য এই গানটি জরুরী। তারপরেই আমরা গানটির অন্তরা সহ বিভিন্ন অংশ তৈরির দিকে মনোযোগ দিই।" তিনি আরও বলেন, "ম্যাডোনা জনপ্রিয় গায়িকা। তাকে যেভাবে গানটি মুগ্ধ করেছে, ঠিক একইভাবে আমাকেও গানটি তখন স্পর্শ করেছিল।" বর্তমানে ইসমাইল দরবার 'মেরি জান' ছবির সঙ্গীত নিয়ে ব্যস্ত। ছবিটি পরিচালনা করছেন সায়ীদ মির্জা। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/১৯১৩ঘ.