জানুয়ারি ৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতের দুটি টিভি চ্যানেল সিএনএন-আইবিএন ও এনডিটিভি পরিচালিত এক জরিপে দর্শকরা গত বছরের সেরা ছবি হিসেবে নির্বাচিত করেছেন 'চাক দে! ইন্ডিয়া'কে। সেরা ছবির পুরস্কার গ্রহণ করেন যশ চোপড়া, শিমিত আমিন ও জয়দীপ সাহনী। খবর ভারতীয় ওয়েবসাইটের।
সিএনএন-আইবিএন পরিচালিত জরিপে দর্শকরা শাহরুখ খান অভিনীত 'চাক দে' কে বছরের সেরা ছবি বলে উল্লেখ করেন। এনডিটিভি পরিচালিত একই ধরনের জরিপে ওই ছবির সূচনা সঙ্গীতকে বছরের সেরা গান বলে রায় দেয় জরিপে অংশগ্রহণকারীরা।
এ প্রসঙ্গে ছবির প্রযোজক যশরাজ ফিল্মস এর চেয়ারম্যান যশ চোপড়া বলেন, "চাক দে!ইন্ডিয়া' অনেক ভালোবাসা আর দরদ দিয়ে তৈরি করা হয়েছিল এবং ভারতের জনগন একই রকম ভালোবাসার সঙ্গে ছবিটি গ্রহণ করেছে। এরকম আবেগময় দেশপ্রেমের একটি ছবি যে বিপুল সংখ্যক ভারতবাসীর হৃদয়কে স্পর্শ করেছে তাতে আমরা অভিভূত এবং বছরের শেষের গুরুত্বপূর্ণ এই জরিপে যে তারা 'চাক দে! ইন্ডিয়া'কে বছরের সেরা ছবির মর্যাদা দিয়েছেন সে জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।"
সিএনএন-আইবিএন এর দেওয়া পুরস্কার গ্রহণ করেন ছবির প্রযোজক যশ চোপড়া, পরিচালক শিমিত আমিন ও চিত্রনাট্যকার জয়দীপ সাহনী।
এনডিটিভির জরিপে সেরা সঙ্গীতের জন্য বিজয়ীর পুরস্কার গ্রহণ করেন যশরাজ ফিল্মস এর প্রধান নির্বাহী ও পরিচালক সঞ্জীব কোহলি, শিমিত আমিন ও ছবির সঙ্গীত পরিচালক সালিম মার্চেন্ট।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৯৩৯ঘ,
bdnews24