জানুয়ারি ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- 'পদ্মা নদীর মাঝি', 'লাভ স্টোরি', 'ম্যাড ইন বাংলাদেশ'র পর অভিনত্রী রোজি সেলিম এবার তার চতুর্থ চলচ্চিত্রে কাজ শুরু করেছেন। ছবির নাম 'যে শহর চোরাবালি'। পরিচালনা করছেন শুভাশীষ রায়।
তবে রোজি সেলিম অভিনীত আগের ছবিগুলোর মতো এই ছবিটি ৩৫মিলিমিটার ফরম্যাটে তৈরি হচ্ছে না। তৈরি হচ্ছে ডিভি ফরম্যাটে। ১০০ মিনিটের এই ছবির কাহিনী আবর্তিত হয়েছে পথ শিশুদের নিয়ে।
এ প্রসঙ্গে ছবির পরিচালক শুভাশীষ বলেন, "এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন রোজি সেলিম ও আশীষ খন্দকার। এছাড়া বাকি সবাই শিশু শিল্পী। পথ শিশুদের নিয়ে নির্মিতব্য এই ছবিতে আসলেই যারা পথ শিশু তাদের দিয়েই অভিনয় করানো হয়েছে।"
শুভাষীশ জানান, তারা কয়েকজন বন্ধু মিলে পথ শিশুদের আশ্রয়ের জন্য একটি সংগঠন পরিচালনা করেন, নাম 'একমাত্র'। সেখানে যেসব শিশু আশ্রিত তাদের দিয়েই অভিনয় করানো হয়েছে।
শুভাশীষ রায় একজন প্রামাণ্য চলচ্চিত্র নির্মাতা। তবে 'যে শহর চোরাবলি' ছবিটি হবে ফিচারধর্মী।
রোজী বলেন, "সবসময় একটু অন্য ধরণের কাজ করতেই আগ্রহী আমি। সে জন্যই এই ছবিতে কাজ করেছি।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/ ১৯৪৯ ঘ.
bdnews24