জানুয়ারি ০৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অভিনেতা থেকে সাধারণত পরিচালক বা প্রযোজক হওয়ার ঝোঁকটাই বেশি দেখা যায়। কিন্তূ সালমান খান মানেই ব্যতিক্রমী কিছু, তিনি বেছে নিয়েছেন চিত্রনাট্য লেখার কাজ। পরিচালক-প্রযোজক অনিল শর্মার 'বীর' ছবির চিত্রনাট্য লিখবেন তিনি। দীর্ঘ দিন পরে চলচ্চিত্রে ফিরে চিত্রনাট্য রচনার কাজে হাত দিয়েছেন ধর্মেন্দ্রও। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
চিত্রনাট্য লেখার পাশাপাশি ছবিতে সালমান ও ধর্মেন্দ্র অভিনয়ও করবেন।
শর্মা জানান, "একদিন সালমান আমার কাছে আসে এবং চিত্রনাট্য লেখার ব্যাপারে তার আগ্রহের কথা জানায়। আমারও আইডিয়াটি পছন্দ হয়। এখন সালমান ও আমি দুজন মিলে কাজ করে যাচ্ছি। ছবি পরিকল্পনার কাজ চলছে গত তিন মাস ধরে।"
'বীর' মুলত ইতিহাসনির্ভর মহাকাব্যিক ছবি। এ বছরের মাঝামাঝি নাগাদ ছবির শুটিং শুরু হবে।
শর্মা জানান, তিনি ধর্মেন্দ্র, সানি দেওল ও ববি দেওলকে নিয়ে আরেকটি ছবি তৈরির উদ্যোগ নিয়েছেন। ছবির নাম 'মাষ্টার্স'। রোমান্টিক থ্রিলার ধাঁচের এ ছবির কাহীনি আবর্তিত হবে পিতা ও দুই পুত্রের সম্পর্ককে কেন্দ্র করে। এ ছবির চিত্রনাট্য লিখবেন ধর্মেন্দ্র।
ছবি দুটি তৈরি করতে কমপক্ষে ছয় থেকে আট মাস সময় লাগবে বলে জানিয়েছেন শর্মা।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/ওএস/এমআইআর/১৯৩৮ ঘ
bdnews24