সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- নেপালের নানা রাজনৈতিক ঝামেলায় সবসময় ব্যতিব্যস্ত প্রধান মন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালা। কিন্তু তারপরও তিনি কিছু সময় রেখেছিলেন এই সময়ের হার্টথ্রব ইন্ডিয়ান আইডল প্রশান্ত তামাং এর জন্য। শনিবার সাক্ষাৎকারে সময় প্রধান মন্ত্রী প্রশান্ত প্রাণভরে আশীর্বাদ করেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাওয়া প্রশান্ত ও তার সফরসঙ্গীদের জন্য অপ্রত্যাশিত এক প্রাপ্তি। প্রশান্তর সঙ্গী অঙ্কিতা মিশ্র ও দিপালী কিশোর যখন প্রধান মন্ত্রীর অফিস থেকে আমন্ত্রণ পান তখন তারা অবাকই হয়েছিলেন। অপ্রত্যাশিত এই সাক্ষাৎ শেষে মুখে উজ্জল হাসি নিয়ে প্রশান্ত জানান, "প্রধান মন্ত্রী আমাকে জিজ্ঞেস করলেন বিজয়ী হয়ে আমার কেমন লাগছে। তারপর তিনি আমার মাথায় নেপালি টুপি পরিয়ে আশীর্বাদ করলেন।"
দীর্ঘ তিন মাস টান টান উত্তেজনাপুর্ন প্রতিযোগিতা শেষে ২৩ হাজার প্রতিযোগীর মধ্যে প্রশান্ত বিজয়ী হন, লাভ করেন এ বছরের ইন্ডিয়ান আইডলের শিরোপা।
নেপালে সফররত প্রশান্ত জানান, তিনি নেপালি মানুষের ভালোবাসায় সিক্ত। ইন্ডিয়ান আইডল প্রতিযোগিতার সময় অনেক নেপালিই সীমান্ত পার হয়ে ভারতে গিয়ে প্রশান্তকে এসএমএস করেছিল। তাদের জন্যও প্রশান্ত কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রশান্ত জানান, প্রতিযোগিতায় তিনি নেমেছিলেন এক বন্ধুর চাপাচাপিতে। তিনি বলেন , "আমি ইন্ডিয়ান আইডলে বিজয়ী হওয়ার কথা চিন্তা না করেই যোগ দিয়েছিলাম। কিন্তু সেরা তিনে যাওয়ার পর আমি বুঝতে পারলাম আমাকে অনেক মানুষ জিতিয়ে দিতে চায় ।"
আক্ষেপের সুরে প্রশান্ত আরো বলে, " আমি প্রশিক্ষন প্রাপ্ত কোন শিল্পী নই। কিন্তু আমার এখন প্রশিক্ষণ প্রয়োজন।"
প্রশান্ত এখনো সিদ্ধান্ত নিতে পারেননি, সঙ্গীতে ক্যারিয়ার গড়ার তাগিদে কলকাতায় পুলিশের চাকরিটা ছেড়ে দেবেন কি না।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৯১৬ ঘ
bdnews24